এনটিআরসিএর সনদ যাচাইয়ের জন্য হার্ডকপিও পাঠাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলছে
ছবি: আলীমুজ্জামান

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন সনদ এত দিন শুধু অনলাইনে যাচাই করা হতো। এখন থেকে অনলাইনের পাশাপাশি হার্ডকপিও যাচাই করা হবে। এ জন্য নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদনের হার্ডকপি সরাসরি/ বাহক মারফত/ ডাকযোগে পাঠাতে হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিদ্যমান সেবা সহজীকরণের অংশ হিসেবে নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ করা হয়। নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের আবেদনের বিষয়ে আরও নিশ্চিত হতে এবং প্রত্যয়নপত্র যথাযথভাবে যাচাইয়ের সুবিধার জন্য অনলাইনের পাশাপাশি আবেদনের হার্ডকপিও পাঠাতে হবে। আবেদনের হার্ডকপি সরাসরি/ বাহক মারফত/ ডাকযোগে পাঠাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

এনটিআরসিএ ২০২১ সালের ২১ জুন শিক্ষক নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করার আদেশ জারি করে। আদেশে জানানো হয়েছিল, নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনো শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক, সেসব প্রতিষ্ঠানকে [email protected] ই-মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে। অনলাইনে সনদ যাচাইয়ে কোনো ফি দিতে হয় না।