ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্প্রতি প্রচারিত একটি ‘ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি’ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামে প্রচারিত বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
গতকাল রোববার (৮ মার্চ ২০২৬) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬” শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে, প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের দূরতম কোনো সম্পর্ক নেই।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমেই প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সঙ্গে কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।’