কৃষিবিদদের প্রথম শ্রেণির পদমর্যাদার ৫০ বছর পূর্তি উদ্যাপন
১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদমর্যাদার ঘোষণা দেওয়া হয়েছিল। প্রথম শ্রেণির পদমর্যাদার ঘোষণা দেওয়ার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
আজ সোমবার সকালে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও সেমিনারে সারা দেশ থেকে দুই হাজারের বেশি নবীন-প্রবীণ কৃষিবিদ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কৃষিবিদ মো. আব্দুর রাজ্জাক বলেন, কৃষিপেশায় মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদমর্যাদার ঘোষণা দিয়েছিলেন। একইসঙ্গে বঙ্গবন্ধু কৃষিবিদদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্যও নানা সুযোগ–সুবিধা বৃদ্ধি করেছিলেন। কাজেই দিনটি দেশের সব কৃষিবিদের জন্য পরম আনন্দের, গৌরবের ও অহংকারের।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে কৃষিবিদ ও কৃষকের অবদানে দেশের কৃষি আজ নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। স্বাধীনতার পর সাড়ে সাত কোটি মানুষের খাদ্য জোগান সম্ভব হতো না। খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকতে হতো।
আর এখন ১৭ কোটি মানুষের খাদ্য আমরা উৎপাদন করছি। খাদ্যের কোনো সংকট হয় না। বিগত ৫০ বছরে চালের উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু মোট উৎপাদন নয়, এই ৫০ বছরে উৎপাদনশীলতাও বেড়েছে সাড়ে চার গুণ।
পরে কৃষিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদীন মিলনায়তনে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত কৃষিবিদ দিবসের সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সেমিনারে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, বাকৃবির উপাচার্য লুৎফুল হাসান, বাকৃবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল ফয়েজ কুতুবী, বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ইয়াছিন আলী, বাকৃবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. রহমতুল্লাহ, বাকৃবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মো. নজিবুর রহমান, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।