সিনিয়র স্টাফ নার্সের পরীক্ষা ৩ আগস্ট, রাজধানীর ২৬ কেন্দ্রে হবে পরীক্ষা, শিক্ষার্থীদের যা যা মানতে হবে

নার্সপ্রতীকী ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সিনিয়র স্টাফ নার্সের (বিজ্ঞপ্তির তারিখ: ১৩-০২-২০২৬) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট ২০২৬ (সোমবার)। ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে পরীক্ষা। রাজধানীর ২৬টি কেন্দ্রে চলবে পরীক্ষা।

নম্বরবন্টন—

পরীক্ষায় মোট ১০০ (একশত) টি প্রশ্ন থাকবে। পরীক্ষার নম্বর বণ্টন: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-২০, প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়-৪০–সহ পূর্ণমান ১০০ নম্বর। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার পূর্ণ সময় ০১ (এক) ঘণ্টা।

পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাসংক্রান্ত নানা নির্দেশনাও দিয়েছে পিএসসি। এগুলোর মধ্যে অন্যতম হলো—

১.

পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৬ (ছয়) ডিজিট–সংবলিত। কোনো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ৬ (ছয়) ডিজিটের কম হলে বাঁদিকের ঘর/ঘরগুলো ০ (শূন্য) দিয়ে পূরণপূর্বক রেজিস্ট্রেশন নম্বরের ডিজিটসমূহ উত্তরপত্রের প্রযোজ্য ঘরে কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে লিখে নিচের প্রযোজ্য বৃত্ত ভরাট করতে হবে।

২.

প্রবেশপত্রের নিচে প্রদত্ত নির্দেশাবলি অতি মনোযোগের সঙ্গে পড়তে ও অনুসরণ করতে হবে।

৩.

পরীক্ষার্থীদের বেলা ২:০০টার মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ২:৩০টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রশ্নপত্র দেওয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

৪.

প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। হাজিরা তালিকায় প্রত্যেক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর এবং নামের পাশে তাঁর ছবি ও প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে; মিল না থাকলে উক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫.

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ/ভ্যানিটি ব্যাগ, যেকোনো ধরনের ঘড়ি বা ঘড়িসদৃশ কোনো কিছু, মানিব্যাগ, মুঠোফোন, গয়না, ব্যাংক কার্ড বা কার্ডসদৃশ কোনো কিছু, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না; কান খোলা রাখতে হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকক্ষে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তাঁর প্রার্থিতা বাতিল করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবেশপত্রে উল্লেখিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য; বাছাই পরীক্ষার জন্য প্রযোজ্য নয়।

আরও পড়ুন

৬.

ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে।

৭.

পরীক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনোরূপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে প্রার্থিতা বাতিল হবে।

আরও পড়ুন

৮.

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ২৭-০৭-২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন শ্রুতলেখকের জন্য কমিশন সচিবালয়ের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট-১০ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনায় কর্ম কমিশন থেকে শ্রুতলেখক প্রদান করা হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীর কমিশনে দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে কেবল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অনুমোদিত শ্রুতলেখককে ছবিসংবলিত অনুমতিপত্র প্রদান করা হবে। কমিশন থেকে ইস্যু করা ছবিযুক্ত অনুমতিপত্রসহ শ্রুতলেখককে সংশ্লিষ্ট প্রতিবন্ধী পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে।

৯.

কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করা প্রবেশপত্রসহ প্রার্থীদের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের অনুকূলে নতুন করে কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd ও টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।