এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি বাতিল করতে চায় যুক্তরাষ্ট্র, বেশি বিপাকে পড়বেন কারা

এইচ-৪ ভিসা যুক্তরাষ্ট্রের একটি নন–ইমিগ্র্যান্ট ভিসা, যা এইচ-১বি, এইচ-১বি১, এইচ-২এ, এইচ-২বি অথবা এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল নিকট স্বজনদের দেওয়া হয়।ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসাধারী কর্মীদের স্বামী বা স্ত্রীর বৈধভাবে কাজ করার সুযোগ বাতিল করতে নতুন উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে হাজারো এইচ-৪ ভিসাধারী তাঁদের চাকরি হারাতে পারেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রক কার্যসূচিতে প্রস্তাবটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এখনো এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় এবং কবে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি প্রকাশ করা হবে, সে বিষয়ে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

এইচ-৪ ভিসা হলো যুক্তরাষ্ট্রের একটি নন–ইমিগ্র্যান্ট বা অ-অভিবাসী ভিসা, যা এইচ-১বি, এইচ-১বি১, এইচ-২এ, এইচ-২বি অথবা এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল নিকট স্বজনদের দেওয়া হয়।

আরও পড়ুন

ডিএইচএসের প্রস্তাবে যা আছে

ডিএইচএসের প্রস্তাবে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু এইচ-৪ নির্ভরশীল স্বামী বা স্ত্রীকে কর্মসংস্থানের অনুমতি পাওয়ার যোগ্য শ্রেণি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে ২০১৫ সালের একটি চূড়ান্ত বিধি বাতিল করে এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি না দেওয়ার আগের নীতি ফিরিয়ে আনা হবে।

এইচ-৪ নিজে কোনো কর্মসংস্থানভিত্তিক ভিসা নয়। এইচ-১বি ভিসাধারী কর্মীদের স্বামী, স্ত্রী ও সন্তানদের যুক্তরাষ্ট্রে তাঁদের সঙ্গে বসবাসের সুযোগ দিতে এই ভিসা দেওয়া হয়।

এখনই কাজের অনুমতি বাতিল হচ্ছে না

তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত না হওয়ায় এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি তাৎক্ষণিকভাবে বাতিল হচ্ছে না। নিয়ম পরিবর্তন করতে হলে প্রথমে ডিএইচএসকে ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিক নোটিশ অব প্রপোজড রোলমেকিং প্রকাশ করতে হবে। এরপর জনসাধারণের মতামত নেওয়া হবে। সবশেষে চূড়ান্ত বিধি জারি হলে তবেই নতুন নিয়ম কার্যকর হতে পারে।

তত দিন পর্যন্ত বৈধ এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি) থাকা এইচ-৪ ভিসাধারীরা বর্তমান নিয়ম অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবেন।

কী এই এইচ-৪ ভিসা

এইচ-৪ নিজে কোনো কর্মসংস্থানভিত্তিক ভিসা নয়। এইচ-১বি ভিসাধারী কর্মীদের স্বামী, স্ত্রী ও সন্তানদের যুক্তরাষ্ট্রে তাঁদের সঙ্গে বসবাসের সুযোগ দিতে এই ভিসা দেওয়া হয়। তবে নির্দিষ্ট শর্ত পূরণকারী এইচ-৪ ভিসাধারী স্বামী বা স্ত্রী আলাদা করে ইএডি পেলে বৈধভাবে কাজ করতে পারেন। সাধারণত তাঁদের এইচ-১বি ভিসাধারী সঙ্গীকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের (গ্রিন কার্ড) প্রক্রিয়ার নির্দিষ্ট পর্যায়ে থাকতে হয়।

এর আগেও বাতিলের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন

এইচ-৪ ইএডি বাতিলের উদ্যোগ এবারই প্রথম নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে, ২০১৭ সালে, নির্দিষ্ট কিছু এইচ-৪ ভিসাধারীর কর্মসংস্থানের অনুমতি বাতিলের প্রস্তাব করেছিল ডিএইচএস। তবে সেই উদ্যোগ চূড়ান্ত রূপ পায়নি এবং ২০২১ সালে তা প্রত্যাহার করা হয়।

নতুন প্রস্তাবটি এমন সময়ে সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসা ব্যবস্থায়ও একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

এদিকে এটি বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ভারতীয় পেশাজীবীদের পরিবারগুলোর। কারণ, এইচ–৪ কাজের অনুমতিপত্রধারীদের বড় একটি অংশই ভারতীয় নাগরিক। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এইচ–৪ এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি) বা কর্মসংস্থানের অনুমতিপত্রের আবেদনের তথ্য অনুযায়ী, অনুমোদিত আবেদনগুলোর ৯৩ শতাংশই পেয়েছিলেন ভারতীয় নাগরিকেরা। আর এসব ভারতীয় অনুমতিপত্রধারীর ৯৪ শতাংশ ছিলেন নারী।