৪৫তম বিসিএস: গেজেট প্রকাশ নিয়ে চাকরিপ্রার্থীদের উদ্বেগ, কাজ শেষ পর্যায়ে বলছে মন্ত্রণালয়

এআই/ প্রথম আলো

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের ছয় মাস অতিবাহিত হলেও এখনো চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি। এতে নিয়োগের অপেক্ষায় থাকা ১ হাজার ৮০৭ প্রার্থী উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। পুলিশ ভেরিফিকেশন বা প্রাক্-চাকরি জীবনবৃত্তান্ত যাচাইয়ের কাজে দীর্ঘ সময় লাগায় চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করে। বিজ্ঞপ্তির ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে এই সুপারিশ করা হয়েছিল। ফলাফল প্রকাশের পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ ভেরিফিকেশন শেষ না হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন

নাম প্রকাশ না করার শর্তে একজন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী বলেন, বিসিএসে উত্তীর্ণ হতে একজন চাকরিপ্রার্থীকে কঠোর পরিশ্রম করতে হয়। চূড়ান্ত ফল প্রকাশের পর অনেক প্রার্থী তাঁদের আগের চাকরি ছেড়ে দিয়েছেন। এখন গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় প্রার্থীরা অজানা আশঙ্কার মধ্যে দিন পার করছেন।

নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রার্থী জানান, দীর্ঘ প্রক্রিয়ার পর চূড়ান্ত তালিকায় নাম আসায় তাঁদের পরিবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু ভেরিফিকেশনে এত দীর্ঘ সময় লাগায় তাঁরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। নতুন সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানান তিনি।

চূড়ান্তভাবে উত্তীর্ণ এক প্রার্থী বলেন, চূড়ান্ত ফল প্রকাশের পর অনেক প্রার্থী তাঁদের আগের চাকরি ছেড়ে দিয়েছেন। এখন গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় প্রার্থীরা অজানা আশঙ্কার মধ্যে দিন পার করছেন।

চাকরিপ্রার্থীরা বলছেন, একটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত সাড়ে তিন থেকে চার বছর সময় লেগে যাচ্ছে। ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। এখন ২০২৬ সালের মে মাস চললেও ভেরিফিকেশন ও গেজেট না হওয়ায় নিয়োগপ্রক্রিয়া সাড়ে তিন বছরেও শেষ হয়নি। একটি বিসিএস সম্পন্ন হতে বছরের পর বছর লেগে যাওয়ায় প্রার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, ৪৫তম বিসিএসের পুলিশ ভেরিফিকেশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

প্রথম আলো ফাইল ছবি

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী প্রথম আলোকে বলেন, ৪৫তম বিসিএসের পুলিশ ভেরিফিকেশনের কাজ বর্তমানে চলমান। এখনো সব চাকরিপ্রার্থীর ভেরিফিকেশন ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি। সব প্রার্থীর ফাইল মন্ত্রণালয়ে পৌঁছানো সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

আরও পড়ুন

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ৬৮ হাজার ১১৯ প্রার্থী অংশ নেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, যেখানে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন। পরবর্তীকালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। লিখিত পরীক্ষায় ৬ হাজার ৫৮৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও প্রার্থীরা এখন গেজেটের অপেক্ষায় আছেন।

আরও পড়ুন
আরও পড়ুন