ওরাকলের কর্মী ছাঁটাই, এইচ-ওয়ান বি কর্মীদের জন্য খোলা ৬টি পথ

ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওরাকল নতুন করে ছাঁটাই শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে এ কর্মী ছাঁটাই। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতে বিভিন্ন ইউনিটে কর্মী ছাঁটাই চলছে এবং কোম্পানিটি পুনর্গঠন ব্যয় আরও ৫০০ মিলিয়ন ডলার বাড়িয়ে মোট প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারে নিয়েছে (চলতি অর্থবছরের ৩১ মে পর্যন্ত)।

ছাঁটাইয়ের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও বিশ্লেষকদের মতে, এআই ডেটা সেন্টার ও সংশ্লিষ্ট খাতে ব্যয় বাড়ানোর কৌশলই এর মূল কারণ। তবে সবচেয়ে বড় সংকটে পড়েছেন এইচ-ওয়ান বি ভিসাধারী কর্মীরা।

আরও পড়ুন

৬০ দিনের সময় কী

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস জানায়, চাকরি হারালেই সঙ্গে সঙ্গে অবৈধ হয়ে যান না এইচ-ওয়ান বি কর্মীরা। তাঁরা সাধারণত সর্বোচ্চ ৬০ দিনের একটি ‘ছাড়ের সময়সীমা’ পান (বা ভিসার মেয়াদ যত দিন বাকি থাকে, তার মধ্যে যেটি কম)। এই সময়ের মধ্যে নতুন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার সুযোগ বাড়ে।

এইচ-ওয়ান বি কর্মীদের জন্য ৬টি সম্ভাব্য পথ

১. নতুন নিয়োগকর্তার মাধ্যমে এইচ–ওয়ান বি ট্রান্সফার

সবচেয়ে সরাসরি উপায় হলো নতুন নিয়োগকর্তা খুঁজে এইচ-ওয়ান বির সম্ভাব্যতা ব্যবহার করা। নতুন কোম্পানি আবেদন করলেই অনেক ক্ষেত্রে পূর্ণ অনুমোদনের আগেই কাজ শুরু করা যায়। তবে সময়মতো আবেদন না করলে এ সুযোগ হারানোর ঝুঁকি থাকে।

আরও পড়ুন

২. অন্য ভিসা ক্যাটাগরিতে পরিবর্তন

ছাড়ের সময়সীমার মধ্যে ভিসা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করা যায়। যেমন স্বামীর/স্ত্রীর এইচ–৪ বা এল–২ স্ট্যাটাসে যাওয়া বা ভিজিটর ভিসায় রূপান্তর। তবে এ পথে সাধারণত কাজ করার অনুমতি থাকে না।

৩. অন্য কাজের ভিসায় সরে যাওয়া

যোগ্যতা থাকলে অন্য ধরনের কর্ম ভিসায় পরিবর্তন করা সম্ভব। তবে এটি নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, দক্ষতা বা প্রতিষ্ঠানের কাঠামোর ওপর।

৪. সময়মতো নতুন আবেদন দাখিল

ইউএসসিআইএস বলছে, ছাড়ের সময়সীমার মধ্যে কোনো বৈধ আবেদন জমা দিলে তা প্রক্রিয়াধীন থাকা পর্যন্ত বৈধ অবস্থান বজায় থাকতে পারে। তাই দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।

৫. যুক্তরাষ্ট্র ত্যাগ করে পরে ফেরা

সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। তবে পরে নতুন ভিসা বা অনুমোদন নিয়ে আবার প্রবেশ করা সম্ভব। অনেকের জন্য এটি শেষ বিকল্প।

৬. গ্রিন কার্ডের প্রক্রিয়া থাকলে তা যাচাই

যাঁদের গ্রিন কার্ডের প্রক্রিয়া চলছে, তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। তবে এটি স্বয়ংক্রিয় সুরক্ষা দেয় না, ব্যক্তিগত অবস্থার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমেই চাকরি শেষ হওয়ার সঠিক তারিখ নিশ্চিত করতে হবে এবং সেখান থেকে ৬০ দিনের সময় গণনা করতে হবে। এরপর দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় আবেদন জমা দিতে হবে।

আরও পড়ুন