জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকতা: ফেলোশিপ দিচ্ছে ‘ক্লাইমেট ব্রিজ ফান্ড’
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন নিয়ে কাজ করতে আগ্রহী পেশাদার সাংবাদিকদের জন্য ফেলোশিপ কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ)। জার্মান সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতায় (কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক) ব্র্যাক এ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছে।
এ কর্মসূচির আওতায় নির্বাচিত ফেলোরা বাংলাদেশে জলবায়ুসহনশীলতা এবং কমিউনিটি পর্যায়ের অভিযোজন নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ পাবেন। ফেলোশিপের অংশ হিসেবে তাঁরা সিবিএফের অর্থায়ন করা বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। এ কাজের জন্য তাঁদের নির্দিষ্ট আর্থিক অনুদান প্রদান করা হবে। পাশাপাশি মাঠপর্যায়ে যাতায়াতের সুবিধা ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও পাবেন তাঁরা।
প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, ভিডিও ও ফটোসাংবাদিকতায় নিয়োজিত যেকোনো পেশাদার সাংবাদিক এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ফেলোদের মূল কাজ হবে মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, অভিযোজন কৌশল এবং সিবিএফের প্রকল্পের প্রভাব নিয়ে উচ্চমানের ও মানবিক আবেদনসম্পন্ন প্রতিবেদন বা স্টোরি তৈরি করা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ১৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ও আবেদনপত্র (কভার লেটার) [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ফেলোশিপের বিস্তারিত শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এই লিংকে