তিন বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে, প্রকাশের পথে ৪৬তম বিসিএসের গেজেট
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে প্রকাশের দ্বারপ্রান্তে পৌঁছেছে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট। প্রজ্ঞাপন জারির মাধ্যমে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৪৫৭ জন প্রার্থীর কর্মস্থলে যোগদানের পথ সুগম হতে যাচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, গেজেট প্রকাশের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ওয়েবসাইটে প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে।
তবে বহুল কাঙ্ক্ষিত এই গেজেট প্রকাশের শেষ মুহূর্তে এসেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা। তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৩ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুরু হওয়া এই বিসিএসের চূড়ান্ত গেজেট পর্যন্ত পৌঁছাতে সময় লেগে গেল পুরো তিন বছর। সরকারি চাকরিতে নিয়োগের এমন ধীরগতিকে মেধাবী তরুণদের কর্মজীবনের মূল্যবান সময়ের অপচয় হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
শেষ মুহূর্তের প্রস্তুতি, ওয়েবসাইটে নজর
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের শেষ মুহূর্তের দাপ্তরিক কার্যক্রম প্রায় শেষ। প্রজ্ঞাপনটি যেকোনো সময় ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে আজ রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী প্রথম আলোকে বলেন, ‘৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের আনুষঙ্গিক সব কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন শেষ মুহূর্তের দাপ্তরিক প্রক্রিয়া চলছে। এটি ওয়েবসাইটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এই গেজেটের ওপর নির্ভর করছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলও। মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদানের হিসাব সমন্বয় করতে চাইছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলে প্রজ্ঞাপনটি জারি হলে ৫০তম বিসিএসের ফলপ্রত্যাশীদের উদ্বেগও অনেকটা কাটবে বলে আশা করা হচ্ছে।
তিন বছরের দীর্ঘ পথচলা ও ভোগান্তির চিত্র
৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। ওই বছরের ৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হলেও পরবর্তী সময়ে তা পুনর্মূল্যায়ন করা হয়। ফলে ২৭ নভেম্বর নতুন করে ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়। এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়াতেই চলে যায় একটি দীর্ঘ সময়।
এরপর ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ওই বছরের ২৭ নভেম্বর ফল প্রকাশিত হয়। কারিগরি ত্রুটি সংশোধনের পর ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। সব ধাপ পেরিয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে পিএসসি।
বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্তই লেগে যায় ২ বছর ২ মাসের বেশি সময়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্পন্ন হতে পেরিয়ে যায় আরও ৯ মাসের বেশি সময়। সব মিলিয়ে একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ হতে তিন বছর লেগে যাওয়ায় চরম ভোগান্তি ও মানসিক চাপে দিন কাটিয়েছেন প্রার্থীরা।
দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন ও সংস্কারের দাবি
একটি নিয়োগপ্রক্রিয়া শেষ হতে যদি তিন বছর সময় লেগে যায়, তবে তা যেমন প্রার্থীদের কর্মজীবনের শুরুতেই বড় ধাক্কা দেয়, তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘ সময় শূন্য থাকায় নাগরিক সেবাও ব্যাহত হয়। পিএসসির পরীক্ষা নেওয়ার পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের ধাপগুলোতেও জবাবদিহি ও গতি আনা জরুরি।
ভুক্তভোগী প্রার্থীদের প্রত্যাশা, দ্রুত গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। পাশাপাশি ভবিষ্যতে পিএসসির রোডম্যাপ বাস্তবায়ন ও ভেরিফিকেশন প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে এই দীর্ঘসূত্রতা কমিয়ে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।