বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসিএর মাধ্যমেই
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই হবে। সহকারী শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছ থেকে পরিচালনা কমিটির হাতে দেওয়ার যে আলোচনা শুরু হয়েছিল সেখান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে এখন আগের মতোই প্রিলিমিনারি (বাছাই), লিখিত ও মৌখিক—এই তিন ধাপে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত সভায় এ বিষয়ে আলোচনা হয়।
বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগ হয় এনটিআরসিএর পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে। আর অধ্যক্ষ-উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরিচালনা কমিটির মাধ্যমে হয়ে আসছিল। তবে সম্প্রতি এ পদগুলোর নিয়োগও এনটিআরসিএর মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে প্রায় পাঁচ মাস আগে। কিন্তু এখনো মৌখিক পরীক্ষা হয়নি।
এর মধ্যেই সহকারী শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর কাছ থেকে পরিচালনা কমিটির হাতে দেওয়ার আলোচনা শুরু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। যদিও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখন আজকের সভায় এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এখন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষাও শিগগির নেওয়া হবে। এ জন্য মৌখিক পরীক্ষার জন্য ভাইবা বোর্ড গঠন করা হচ্ছে।