সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বন্ধের নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনায় কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি না করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন ও কাঙ্ক্ষিত সেবা দিতে এই পদে কর্মরত কর্মকর্তাদের একই কর্মস্থলে অন্তত দুই বছর রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ে কর্মরত সার্ভেয়ার ও কানুনগো পদ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে, এসব পদে ঘন ঘন বদলির কারণে সাধারণ জনগণ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতি দূর করতে এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এই কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে কমপক্ষে দুই বছর নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন।

আরও পড়ুন

একই সঙ্গে বদলিসংক্রান্ত বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। সরকারি চাকরির বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে জানানো হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে বদলির জন্য কোনো ধরনের তদবির করা চাকরি বিধির স্পষ্ট পরিপন্থী।

এই অবস্থায় বিশেষ কোনো প্রশাসনিক প্রয়োজন ছাড়া মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য এই নির্দেশনা ইতিমধ্যেই ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, দেশের সব বিভাগীয় কমিশনার এবং সব জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।