৪৮তম বিসিএসে আরও ১৮৪ জনকে চূড়ান্ত নিয়োগে প্রজ্ঞাপন জারি

দেশের চিকিৎসক সংকট দূর করতে আয়োজিত ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে আরও ১৮৪ জন চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে এই সম্পূরক গেজেট প্রকাশ করল সরকার।

নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন এবং সহকারী সার্জন পদে ১৬৫ জন রয়েছেন। জাতীয় বেতনকাঠামো ২০১৫ অনুযায়ী তাঁদের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

চাকরিতে যোগদানের পর চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। একই সঙ্গে তাঁদের বনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ শেষ করতে হবে। শিক্ষানবিশকাল শেষে তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণের সমুদয় খরচ ফেরত দিতে হবে। এর জন্য যোগদানের সময়ই ৩০০ টাকার স্ট্যাম্পে বন্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া যোগদানের সময় সম্পত্তির হিসাব বিবরণী এবং যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

আরও পড়ুন

৪৮তম বিসিএসের প্রেক্ষাপট ও প্রথম গেজেট

সারা দেশে সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে ২০২৫ সালে ৩ হাজার চিকিৎসক নিয়োগের উদ্দেশ্যে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার শেষে পিএসসি প্রয়োজনীয়সংখ্যক প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে।

সেই সুপারিশের ভিত্তিতে ২০২৬ সালের ২২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম গেজেট প্রকাশ করেছিল। প্রথম গেজেটে ৩ হাজার ২৬৩ চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগদান করেন।

প্রজ্ঞাপন দেখতে এই লিংকে প্রবেশ করুন

আরও পড়ুন