প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর
রাজধানীর শাহবাগে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা নিয়োগটি দ্রুত সম্পন্ন করার দাবির পাশাপাশি বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রক্রিয়া নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান রয়েছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
প্রতিমন্ত্রী আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রীর আহ্বানে আন্দোলন স্থগিত
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদানপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানিয়েছে আন্দোলনরত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিনিধিদল। আজ (২৬ এপ্রিল ২০২৬) শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে আলোচনার জন্য মন্ত্রণালয়ে যায় আন্দোলনকারীদের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের একজন সদস্য প্রথম আলোর কাছে দাবি করেন, ‘প্রতিমন্ত্রী আমাদের দাবির যৌক্তিকতা অনুধাবন করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে ফলাফল রিভিউ করা হবে না এবং আমাদের যোগদানপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।’ প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে।