কানাডায় উচ্চ বেতনের চাকরিতে মিলবে বাড়তি ১০০ পয়েন্ট: এক্সপ্রেস এন্ট্রিতে যে যে পরিবর্তন
কানাডায় স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর) আবেদনের জনপ্রিয় মাধ্যম এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে কানাডার ফেডারেল সরকার। যেসব প্রার্থীর কানাডায় উচ্চ বেতনের চাকরির অফার (Job Offer) রয়েছে বা যাঁরা উচ্চ বেতনের পেশায় কাজ করছেন, তাঁদের জন্য কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম (CRS)-এ অতিরিক্ত বোনাস পয়েন্ট যুক্ত করা হচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ–সংক্রান্ত নতুন নীতিমালার কথা জানান ইমিগ্রেশন–বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে সরকারের প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কবে থেকে কার্যকর ও কীভাবে পয়েন্ট যুক্ত হবে
নতুন এই নিয়ম আগামী ৩ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। যোগ্য প্রার্থীরা তাঁদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবেই (Automatically) এই বোনাস পয়েন্ট পেয়ে যাবেন।
পয়েন্ট বণ্টনের নতুন ধাপসমূহ—
অফিশিয়াল তথ্য অনুযায়ী, কানাডাব্যাপী কোনো নির্দিষ্ট পেশার গড় বা মধ্যক বেতনের (National Median Wage) ওপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে এই অতিরিক্ত সিআরএস পয়েন্ট নির্ধারণ করা হবে। প্রার্থীর কাজের দায়িত্ব ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন (NOC) অনুযায়ী যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হবে:
১. গড় বেতনের ২ গুণ বা তার বেশি: নির্ধারিত পেশার গড় বেতনের ২ গুণ আয় হলে সর্বোচ্চ ১০০ অতিরিক্ত পয়েন্ট যুক্ত হবে।
২. গড় বেতনের ১.৫ গুণ বা তার বেশি: নির্ধারিত পেশার মধ্যক বেতনের ১.৫ গুণ আয় থাকলে মিলবে ৭০ অতিরিক্ত পয়েন্ট।
৩. গড় বেতনের ১.৩ গুণ বা তার বেশি: নির্ধারিত পেশার মধ্যক বেতনের ১.৩ গুণ আয়ের জন্য পাওয়া যাবে ৫০ অতিরিক্ত পয়েন্ট।
এ ছাড়া কানাডায় পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা (Canadian Work Experience) যাঁদের উচ্চ বেতনের ক্যাটাগরিতে পড়ে, তাঁরাও কাজের মেয়াদ ও আয়ের ওপর ভিত্তি করে ২০ থেকে ৭০ পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত বোনাস পাবেন।
এলএমআইএ (LMIA) জটিলতা দূর—
ইমিগ্রেশন, রিফুজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) নিশ্চিত করেছে, এই নতুন নিয়মে প্রদেয় উচ্চ বেতনের অফারের ক্ষেত্রে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA)-এর বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। এর ফলে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
কেন এই পরিবর্তন
কানাডা সরকারের মূল লক্ষ্য হলো দক্ষ ও মেধাভিত্তিক পেশাজীবীদের অগ্রাধিকার দিয়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করা। কারিগরি, স্বাস্থ্য খাত, ইঞ্জিনিয়ারিং, আইটি ও সিনিয়র ম্যানেজমেন্টের মতো উচ্চ মজুরির পেশায় নিয়োজিত যোগ্য প্রার্থীরা নতুন এই সিআরএস নিয়মে সবচেয়ে বেশি লাভবান হবেন।
ইমিগ্রেশন বিশেষজ্ঞরা মনে করছেন, ৩ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই পরিবর্তনের ফলে, যাঁরা উচ্চ বেতনে চাকরি করছেন, তাঁদের পয়েন্ট যাবে এবং কাট-অফ স্কোরের অনেকটাই কাছাকাছি পৌঁছে যাবে, যা তাঁদের খুব দ্রুত পিআর (PR) কার্ড পাওয়ার সুযোগ করে দেবে। যাঁরা উচ্চ বেতনে চাকরি করছেন না, তাঁদের পুলে অনিশ্চিত অপেক্ষার সময় আরও বাড়বে।