৫০তম বিসিএসের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীদের স্বস্তির ইঙ্গিত দিল পিএসসি
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা দেওয়া হাজারো তরুণের অপেক্ষা—ফল কবে প্রকাশ হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় চরম মানসিক চাপে পড়েছেন চাকরিপ্রার্থীরা। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তাঁরা।
তবে প্রার্থীদের এই চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আশার আলো দেখিয়েছে পিএসসি। কমিশনের সূত্র নিশ্চিত করেছে, ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই ৫০তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। এ নিয়ে চাকরিপ্রার্থীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।
মানসিক চাপে দিশাহারা তরুণেরা
এক বছরে একটি বিসিএস শেষ করার যে ঘোষণা পিএসসি দিয়েছিল, তাতে দারুণ আশাবাদী হয়ে উঠেছিলেন প্রার্থীরা। প্রিলিমিনারি পরীক্ষার পর মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে এক হাজার নম্বরের লিখিত পরীক্ষা নিয়েছিল কমিশন। তীব্র মানসিক ও শারীরিক চাপ সামলে প্রার্থীরা সেই পরীক্ষায় অংশ নেন। সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর তাঁদের ধারণা ছিল, অন্যান্য বিসিএসের মতো দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ফল আসবে। কিন্তু প্রায় দুই মাস হয়ে গেলেও ফল না আসায় এবং নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘২৬ নভেম্বর ফল আসবে ভেবে দিন গুনছিলাম। এখন সারা রাত চোখের পাতা এক করতে পারি না। সারা রাত ছটফট করি, ভোরের দিকে শরীর আর চলে না। দিনে তিন–চার ঘণ্টা ছাড়া ছাড়া ঘুম হয়। চিকিৎসক বলেছেন, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে ইনসমনিয়ায় আক্রান্ত হয়েছি। পরিবার, আত্মীয়স্বজন—সবার একই প্রশ্ন, রেজাল্ট কবে? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মানসিকভাবে বিধ্বস্ত।’
একই বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী ও ৫০তম বিসিএসের ফলপ্রত্যাশী বলেন, ‘স্নাতকোত্তর শেষ করেছি আরও আগে। পরিবারের বড় সন্তান হিসেবে সবার প্রত্যাশা আমার দিকে। ২৬ নভেম্বর রেজাল্ট দেবে শুনে বাড়ি থেকে মা–বাবা প্রতিদিন ফোন দিচ্ছেন। এখন ফোনের রিং বাজলেই বুকটা ধক করে ওঠে। রাতে ঘুমাতে পারি না, সারাক্ষণ মাথায় শুধু ফলাফলের চিন্তা ঘোরে। আমরা তো কোনো অন্যায় আবদার করছি না, শুধু সময়মতো প্রাপ্য ফলটুকু চাই।’
কেন এই বিলম্ব, কী বলছে পিএসসি
চাকরিপ্রার্থীদের এই মানসিক যন্ত্রণার বিষয়টি পিএসসির নজরেও এসেছে। কমিশনের নির্ভরযোগ্য সূত্র বলছে, প্রার্থীদের উদ্বেগের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতেই ফল প্রকাশে কিছুটা সময় নেওয়া হচ্ছে।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো এর গেজেট জারি হয়নি। পিএসসি চাইছে, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ও প্রার্থীদের যোগদান সম্পন্ন হওয়ার পর প্রকৃত শূন্য পদের হিসাব সমন্বয় করে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করতে, তা না হলে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ৫০তম বিসিএসের ফল প্রকাশের সব প্রস্তুতি কমিশনের রয়েছে। বৃহত্তর স্বার্থে ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করা হচ্ছে। ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের সপ্তাহখানেকের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এ নিয়ে প্রার্থীদের কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কারণ নেই।
জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, একটি বিসিএসের চূড়ান্ত ফলের অপেক্ষায় থাকা তরুণদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক চাপের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির সমন্বয়ের মাধ্যমে দ্রুত ৪৬তম বিসিএসের গেজেট জারি করে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করা হলে হাজারো তরুণের নিদারুণ কষ্টের অপেক্ষার অবসান ঘটবে।