প্রাথমিকে ২০ লাখ টাকায় টিকিয়ে দেওয়ার প্রলোভন, অধ্যক্ষসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগেই ২০-২৫ লাখ টাকার বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এমসিকিউ পরীক্ষায় টিকিয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়ার প্রলোভনের অভিযোগে জয়পুরহাটে কলেজের একজন অধ্যক্ষসহ তিনজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয়পুরহাট জেলা পুলিশ প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি কৃষি কলেজের অধ্যক্ষ মো. রুস্তম আলী, বগুড়ার মো. ইশান ইমতিয়াজ ও কুষ্টিয়ার দৌলতপুরের রোকনুজ্জামান। তাঁদের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, লিখিত পরীক্ষার প্রাক্কালে জালিয়াত চক্রের এ ধরনের প্রলোভনে কান না দেওয়ার অনুরোধ করেছেন। জালিয়াত চক্রের কোনো তৎপরতার সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় অভিযোগের পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

মহাপরিচালক বলেন, প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষার সময়ও এ ধরনের চক্র সক্রিয় ছিল। আইন প্রয়োগকারী বাহিনীর সজাগ ও সতর্ক ভূমিকার কারণে তাদের অপপ্রয়াস ব্যর্থ হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ঠেকানোর জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকালের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

দ্বিতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্ট কার্ড) সঙ্গে আনতে হবে।

আগামীকাল শুক্রবার ৩ বিভাগের ২২ জেলায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে আটটার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

আরও পড়ুন