সমাজকর্মী পদের পরীক্ষায় অনুপস্থিত ৪ লাখ প্রার্থী
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ) গত শুক্রবার সারা দেশে ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৪ লাখ ২৫ হাজার ৬২৯ জন প্রার্থী অংশগ্রহণ করেননি।
সমাজসেবা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় ৬৪ জেলার ৮৭৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৪১ জন অংশগ্রহণ করে। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬২৯ জন।
উপস্থিতির শতকরা হার ৩৫ দশমিক ৭৩। শ্রুতিলেখকের সহায়তায় ৬৫ প্রতিবন্ধী প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭০ জনকে বহিষ্কার ও শাস্তির আওতায় আনা হয়েছে। তার মধ্যে ৫৩ জন পুরুষ ও ১৭ জন নারী।
পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত কমিটি কাজ করেছে। বুয়েটের কারিগরি সহায়তায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৮ সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই হিসেবে আবেদনের চার বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হলো শুক্রবার।
এর আগে দুবার সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করা হয়েছিল। ২০১৯ ও ২০২১ সালে এ পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল।
সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে শূন্য পদের সংখ্যা ৪৬৩টি। সারা দেশ থেকে সমাজকর্মী পদে আবেদন করেছিলেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন।