২৭তম বিসিএস কর্মকর্তাদের বেতন নির্ধারণে বিশেষ নির্দেশনা জারি
২৭তম বিসিএসের কর্মকর্তাদের বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি যোগদানকারী কর্মকর্তাদের বেতন নির্ধারণ, চাকরির ধারাবাহিকতা, পদ সমতা, বেতন সংরক্ষণসহ বিভিন্ন আর্থিক সুবিধা বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
অর্থ বিভাগের বাস্তবায়ন–৮ শাখা থেকে জারি করা এক পত্রে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পত্রে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের আওতায় নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বেতন নির্ধারণে বিশেষ বিধান অনুসরণ করতে হবে।
স্পষ্টীকরণ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রে ৩০ জুন ২০০৯ পর্যন্ত জাতীয় বেতন স্কেল–২০০৫, ১ জুলাই ২০০৯ থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত জাতীয় বেতন স্কেল–২০০৯ এবং ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর জাতীয় বেতন স্কেল–২০১৫ বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট গণনা করা হবে।
এ ক্ষেত্রে ৩০ নভেম্বর ২০০৮ অথবা জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত সমতুল্য তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়কে ইনক্রিমেন্ট গণনার ভিত্তি হিসেবে ধরে নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা যাবে।
তবে অর্থ বিভাগ স্পষ্ট করেছে, এ ইনক্রিমেন্ট গণনা কেবল ২০২৬ সালের ১ জানুয়ারি যোগদানের সময় মূল বেতন নির্ধারণের জন্য প্রযোজ্য হবে। কর্মকর্তারা প্রকৃত যোগদানের আগের সময়ের জন্য কোনো বকেয়া বেতন বা আর্থিক সুবিধা দাবি করতে পারবেন না।
এ ছাড়া ৩০ নভেম্বর ২০০৮ সালের আগে যাঁরা ক্যাডার, নন–ক্যাডার বা অন্য কোনো সরকারি চাকরিতে কর্মরত ছিলেন, তাঁদের ক্ষেত্রে বিদ্যমান বিধান অনুযায়ী বেতন সংরক্ষণের সুযোগ থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এবং এ বিষয়ে পরবর্তী সময়ে জারি করা নির্দেশনাগুলোর শর্ত যথাযথভাবে অনুসরণ করবে বলে জানানো হয়েছে।