৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল ও ৫০তম প্রিলিমিনারি নিয়ে জরুরি বৈঠকে পিএসসি
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ জরুরি সভায় বসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির একটি সূত্র নিশ্চিত করেছে, সব প্রক্রিয়া ঠিক থাকলে আজকের মধ্যেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের তালিকা প্রকাশিত হতে পারে।
একই সভায় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়েও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলাফল অনুমোদিত হলে আজ যেকোনো সময় পিএসসির ওয়েবসাইটে ফলাফল আপলোড করার প্রশাসনিক প্রস্তুতি রাখা হয়েছে।
৪৬তম বিসিএসের ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে চূড়ান্ত সুপারিশের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজকের সভায় চূড়ান্ত অনুমোদন পেলে এই প্রার্থীদের মধ্য থেকেই উত্তীর্ণদের সাময়িকভাবে সুপারিশ করা হবে। পদ অনুসারে স্বাস্থ্য ক্যাডারে ১ হাজার ৬৮২ জন সহকারী সার্জন ও ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন। এছাড়া শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনসহ অন্যান্য পেশাগত ক্যাডারের পদের জন্য যোগ্যদের নাম চূড়ান্ত করা হবে।
পাশাপাশি আজকের সভায় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা হবে। পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলও আজ প্রকাশের প্রস্তুতি রাখা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে আধুনিক ‘সার্কুলার ইভ্যালুয়েশন সিস্টেম’ ব্যবহার করা হয়েছে। এর ফলে লিখিত পরীক্ষার ফল তিন মাসের কম সময়ে দেওয়া সম্ভব হয়েছে। ৪৪তম বিসিএসের লিখিত ফল দিতে যেখানে ১৫ মাস সময় লেগেছিল, সেখানে ৪৬তম বিসিএসে সেই সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত ফল প্রকাশের পর দ্রুততম সময়ে মৌখিক পরীক্ষা শেষ করে এখন চূড়ান্ত ফল প্রকাশের প্রক্রিয়া চলছে।