আজ শনিবার, তবে অফিস খোলা

ব্যাংকে লেন দেন চলছেপ্রথম আলো ফাইল ছবি

‍শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটির ঘোষণা আগেই হয়েছে। তবে তার আগে আজ শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখা হয়েছে। ব্যাংকও খোলা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। পরে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবরের ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি থাকবে। তবে এই ছুটি শুরু হওয়ার আগে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার হলেও অফিস ও ব্যাংকের কার্যক্রম চলছে।

ছুটির মধ্যে যা যা খোলা থাকবে

এদিকে আসন্ন টানা ছুটি শুরু হতে চললেও জরুরি পরিষেবা এ ছুটির আওতাবহির্ভূত থাকে। যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংক্রান্ত সেবাকাজের সঙ্গে নিয়োজিত সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা রয়েছেন এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা, চিকিৎসাসেবায় সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। এ বিষয়ে আগেই ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছিল ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। সে অনুযায়ী আজ  ব্যাংক খোলা রাখা হয়েছে ।