চাকরি যখন গ্রাহককে আঙুর খাওয়ানো
রেস্তোরাঁয় গিয়ে এখন আর নিজ হাতেও হয়তো খেতে হবে না! লন্ডনে এমনই এক অভিনব রেস্তোরাঁ আছে, যে রেস্তোরাঁয় আঙুর খেতে চাইলে প্রাচীন রোম ও গ্রিসের রীতির মতো সুন্দর হাতের কেউ একজন আপনাকে তা খাইয়ে দেবে। কারণ, সম্প্রতি রেস্তোরাঁটি গ্রাহকদের আঙুর খাইয়ে দেবে—এমন সুন্দর হাতের কর্মী নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের অভিজাত চেইন রেস্তোরাঁ ক্যাপ্রিস হোল্ডিংসের শাখা বাক্কানালিয়া রেস্টুরেন্ট সম্প্রতি এই বিজ্ঞাপন দিয়েছে। লন্ডনে এটিই প্রথম রেস্তোরাঁ হবে, যেখানে গ্রাহককে আঙুর খাইয়ে দেবেন ওই রেস্তোরাঁর কোনো কর্মী। তবে এই চাকরি পেতে চাইলে আবেদনকারীর হাত সুন্দর হতে হবে।
যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় ২ অক্টোবর পুরো পৃষ্ঠায় এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, চেইন রেস্তোরাঁ বাক্কানালিয়া শিগগির লন্ডনে দুটি নতুন রেস্তোরাঁ চালু করতে যাচ্ছে। রেস্তোরাঁ দুটিতে গ্রিক ও ইতালিয়ান খাবার পরিবেশন করা হবে। এ কারণে আবেদনকারীর কেবল সুন্দর হাত থাকলেই হবে না, তাঁদের গ্রিক ও লাতিন ভাষা জানতে হবে। চাকরি পাওয়ার পর কর্মীকে নিয়মিত নখের যত্ন (ম্যানিকিওর) নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচিত্র চাকরির এ বিজ্ঞাপন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই এর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করেন। কেউ বলেছেন। এটা প্যারোডি; কেউ বলেছেন, এটি একটি ভালো কাজ হবে আবার কেউবা বলেছেন, এটা নিছক হাস্যরসের জন্য দেওয়া হয়েছে।
টম পাশবি নামের একজন সাংবাদিক লিখেছেন, এর মাধ্যমে রোমান দাসপ্রথা হয়তো আবার চালু হচ্ছে।
তবে বাক্কানালিয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলছে, তাঁরা প্রতিশ্রুতি দিচ্ছেন, নতুন এই রেস্তোরাঁয় অসাধারণ গ্রিক ও ইতালিয়ান শৈলীতে রান্না হবে। সবাই এখানে আনন্দ উদ্যাপন করতে পারবেন।