প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে নতুন বিজ্ঞপ্তি এনটিআরসিএর, কমেছে ৬৪৮ পদ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে পূর্বের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে পদসংখ্যা কমেছে ৬৪৮। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশোধিত শূন্য পদসংখ্যা—
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৯৫১। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৯ হাজার ৭০৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি।
পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ ছিল ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১৯০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ছিল ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা ছিল ১৩ হাজার ৫৯৯।
কোন বিভাগে কয়টি পদ কমল—
প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমেছে ৬৪৮। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৭০টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৭৮টি করে পদ কমেছে। অপরিবর্তিত রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদসংখ্যা।
পূর্বের আবেদন বাতিল—
পুরোনো বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিল করা আবেদন বাতিল করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিংয়ের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে।
তবে অনলাইন ব্যাংকিং চার্জ আর টেলিটকের ফি বাবদ প্রদান করা টাকা ফেরত পাবেন না প্রার্থীরা
আবেদনের নিয়ম—
প্রার্থীদের ওয়েবসাইটে প্রদত্ত ফরমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি—
৩৫০ টাকা।
আবেদনের নতুন সময়সীমা—
আবেদন শুরু: ২৮ মার্চ ২০২৬
আবেদন শেষ: ৫ এপ্রিল ২০২৬
বিস্তারিত দেখুন https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে।