যানবাহন অধিদপ্তরের ৫৩০ পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

সরকারি যানবাহন অধিদপ্তরে ৫৩০ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভিন্ন পদের পরীক্ষা। গত রোববার যানবাহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে মোট ৫৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাঁট–মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, মেকানিক গ্রেড বি, হিসাব সহকারী, ইনডেন্ট সহকারী ও লেজার সহকারী পদে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৮৪৮ জন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইম কিপার ও জব সহকারী পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৯৯৩ জন। একই দিন ও একই সময়ে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পদের লিখিত পরীক্ষা।

স্টোরম্যান ও অফিস সহায়ক পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪০২ জন। একই দিন ও একই সময়ে রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এ ছাড়া ক্লিনার/হেলপার ও নিরাপত্তাপ্রহরী পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৯২ জন। একই দিন বেলা ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর স্পিডবোটচালক ও মেকানিক গ্রেড ডি পদের মোট পরীক্ষার্থী ৬৬১ জন। এই পদের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি বেলা ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া নিয়োগ লাভের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন ফৌজদারি অপরাধ এবং ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা বা তদবির নিয়োগ লাভের অযোগ্যতা হিসেবেই শুধু বিবেচিত হবে বলে এতে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

২০২৪ সালের ১৭ নভেম্বর ৫৩০ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি যানবাহন অধিদপ্তর।

পরীক্ষার সূচি দেখুন এখানে।

আরও পড়ুন