পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত ‘হিসাবরক্ষক’ পদে অপেক্ষমাণ প্যানেল থেকে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের বরাবর শিগগিরই ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। প্রার্থীদের ৪ মে ২০২৬ তারিখে কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯-এ যোগদান করতে হবে।
প্রার্থীদের জন্য নির্দেশনা
১. চাকরিতে যোগদানের তারিখ হতে ২ বছর শিক্ষানবিশ হিসেবে নিয়োজিত থাকতে হবে।
২. চাকরিতে যোগদানের সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মেডিক্যাল রিটেইনার বা কোন সিভিল সার্জনের নিকট হতে আপনার শারীরিক সুস্থতার (ডোপ টেস্টের রিপোর্টসহ) একটি সার্টিফিকেট দাখিল করতে হবে।
৩. কোন সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা অথবা পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিতে নিয়োজিত থাকলে যোগদানের সময় নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত অব্যাহতিপত্র পেশ করতে হবে।
৪. চাকরিতে যোগদানের সময় সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সর্বশেষ অধ্যয়নকৃত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা/নাগরিকত্ব সনদের মূল কপি প্রদর্শন করতে হবে, তা ছাড়া, Applicant's Copy এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
৫. পুলিশ কর্তৃক চরিত্র ও প্রাক্-পরিচয় যাচাই করা হবে। এতদ্বিষয়ক পুলিশ রিপোর্ট সন্তোষজনক না হলে অথবা পরবর্তী সময়ে আবেদনপত্রের তথ্য ভুল বা মিথ্যা বা বিকৃত প্রমাণিত হলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বোর্ডের চাকরি হতে সরাসরি অপসারণ/বরখাস্ত করা হবে।