অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন সাত পুলিশ কর্মকর্তা
অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পুলিশের সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী তাঁদের এই পদোন্নতির সুপারিশ অনুমোদন করেন।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন পুলিশ সদর দপ্তরে কর্মরত উপপুলিশ মহাপরিদর্শক হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপমহাপরিদর্শক বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও উপমহাপরিদর্শক হাসান উর হায়দার, পুলিশের বিশেষ শাখায় কর্মরত ও চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, শিল্পাঞ্চল পুলিশে কর্মরত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহাবুবুর রহমান এবং ময়মনসিংহ রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
পদোন্নতিপ্রাপ্ত প্রথম তিনজন বিসিএস ১২তম ব্যাচে এবং পরবর্তী চারজন ১৫তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগ দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সই করা আদেশে বলা হয়েছে, ১৭ জানুয়ারি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সাত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করা হয়। তাঁরা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।