আপিলে এনটিআরসিএর আবেদন নিষ্পত্তি, চলবে তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম
নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী ও অবমাননার আবেদনকারীদের উচ্চ আদালতের রায়ের নির্দেশনা অনুসারে চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে এনটিআরসিএর করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ-সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদালত অবমাননার রুল খারিজ করে দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।
এনটিআরসিএর আইনজীবী কামরুজ্জামান ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগ এনটিআরসির আবেদন নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্টের দেওয়া আদালত অবমাননার রুল খারিজ করে দিয়েছেন। অর্থাৎ আদালত অবমাননার রুল থাকছে না। আপিল বিভাগের আদেশের ফলে শূন্যপদ পূরণে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগে এনটিআরসিএর তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলবে মনে করছি। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদেশ পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
এর আগে গত ৩১ মে হাইকোর্ট এক আদেশে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারী ও অবমাননার আবেদনকারীদের রায়ের নির্দেশনা অনুসারে চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএকে নির্দেশ দেন। এই সময়ে বিজ্ঞপ্তির (এনটিআরসিএ-তৃতীয় গণবিজ্ঞপ্তি) কার্যক্রম আবেদনকারীদের (অবমাননার আবেদনকারী) ক্ষেত্রে স্থগিত থাকবে বলা হয়। নিয়োগ প্রত্যাশী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার প্রার্থী পৃথক আবেদন করেন বলে জানা গেছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এনটিআরসিএ আপিল বিভাগে আবেদন করে, যা ২২ জুন চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন আদালত আবেদনটি গতকাল রোববার (২৭ জুন) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে আজ আদেশ দেওয়া হয়। আদালতে এনটিআরসিএর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও কামরুজ্জামান ভূইয়া। অন্যদিকে হাইকোর্টে অবমাননার আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও মহিউদ্দিন মো. হানিফ।
আইনজীবীদের তথ্যমতে, এর আগে সনদধারীদের নিয়োগ বিষয়ে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট সাত দফা নির্দেশনাসহ রায় দেন। পঞ্চম দফা ছিল সম্মিলিত মেধাতালিকা অনুযায়ী রিট আবেদনকারীদের শূন্যপদে নিয়োগের জন্য সুপারিশ করবে এনটিআরসিএ। দীর্ঘ সময় পেরোলেও রায়ের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রিট আবেদনকারী তথা নিয়োগপ্রত্যাশী শিক্ষকেরা এটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে পৃথক আদালত অবমাননার আবেদন করেন। নিয়োগপ্রত্যাশী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার প্রার্থী পৃথক আবেদন করেন। এর শুনানি নিয়ে বিভিন্ন সময়ে হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন।
আইনজীবীরা জানান, রুলের পর আবেদনকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৮ মার্চ হাইকোর্ট পঞ্চম দফা বাস্তবায়নে এনটিআরসিকে ১৫ দিন সময় বেঁধে দেন। এ সত্ত্বেও আদেশ বাস্তবায়ন না করে এনটিআরসি ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, যা আবেদনের মাধ্যমে আদালতে তুলে ধরা হয়। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মে হাইকোর্ট এক আদেশে ৭ দিনের মধ্যে অবমাননার আবেদনকারীদের নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএকে নির্দেশ দেন। একই সঙ্গে এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ পূরণে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ এনটিআরসিএর দেওয়া তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হয়।
এর ধারাবাহিকতায় ৩১ মে হাইকোর্ট তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিতসংক্রান্ত ৬ মে দেওয়া আদেশ সংশোধন করে ওই আদেশ দেন। এর বিরুদ্ধে এনটিআরসিএ আপিল বিভাগে আবেদন করে, যা আজ নিষ্পত্তি হলো।