আরও ১১৬ জন শিক্ষক নিয়োগের সুপারিশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আরও ১১৬ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএর তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৮ হাজার ২৮৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। কিন্তু ৪ হাজার ১৯৮ জন প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম না পাঠানোয় ৩৪ হাজার ৭৩ জনকে প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। বাকি প্রার্থীদের ৭ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে বলা হয়।
৪ হাজার ১৯৮ জন প্রার্থীর মধ্যে ১১৬ জন প্রার্থী নির্দিষ্ট তারিখের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম এনটিআরসিএ অফিসে পাঠিয়েছেন। সেই ১১৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
এনটিআরসিএর ওয়েবসাইট থেকে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে তাঁদের যোগ দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৭ জানুয়ারি পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সে সময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য ৩৪ হাজার ৭৩ জনকে প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের সুপারিশ করা হয়।