ইউআইইউতে ‘ন্যাশনাল জব ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২ এর সমাপনী অনুষ্ঠান।
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে ‘ন্যাশনাল জব ফেস্টিভ্যাল-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই চাকরি মেলার সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার ইউআইইউ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা মো. রেজাউল করিম, ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক, পাকিজা টেকনোভেশন লিমিটেডের সিইও শেখ জাহিদুল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, সিন্দাবাদ ডটকমের সিইও জি এম কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই মেলা করোনা–পরবর্তী চাকরিপ্রার্থীদের সহায়তার পাশাপাশি একাডেমিক ও ইন্ডাস্ট্রিজের মধ্যে সেতুবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এবার চাকরি মেলায় দেশের ১২০টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। নিয়োগকর্তারা তাৎক্ষণিক সাক্ষাৎকার এবং জীবনবৃত্তান্ত সংগ্রহের মাধ্যমে প্রার্থী বাছাই করে সেখানেই নিয়োগ চূড়ান্ত করেন। এখানে ক্যারিয়ার–সম্পর্কিত নানা ধরনের সেমিনার অনুষ্ঠিত হয়। দুই দিনে প্রায় ২০ হাজার প্রার্থী মেলায় অংশ নেন এবং ৩০ হাজার সিভি জমা পড়ে।

নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড গ্রুপ, পাকিজা টেকনোভেশন, ব্যাংক এশিয়া, প্রগতি ইনস্যুরেন্স, বিকাশ, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, এসিআই, আকিজ ভেঞ্চার লিমিটেড, আরলা ফুডস, বাংলালিংক, টেকনোভেটস, বিক্রয় ডটকম, উত্তরা মোটরস লিমিটেড, প্রাণ-আরএফএল গ্রুপ, মদিনা গ্রুপ, নাভানা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, রেইনফোর্স ল্যাব, ডেকো গ্রুপ, আইপিডিসি ফিন্যান্স, উপায়, মুন্সি গ্রুপ ইত্যাদি।