ইএমকে-স্কিলএইড দেবে ফ্রি ট্রেনিং
দক্ষ একটি জাতি যেকোনো দেশের উন্নতির চাবিকাঠি। অন্যদিকে, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইএমকে সেন্টার ও স্কিলএইড বাংলাদেশ যৌথভাবে শুরু করতে যাচ্ছে ‘Future Skills for a Winning Career’ নামের দক্ষতা বৃদ্ধির একটি ক্যাম্পেইন। সবাই সম্পূর্ণ বিনা মূল্যে এ অনলাইন প্রশিক্ষণ নিতে পারবেন।
এই ক্যাম্পেইনের আওতায় প্রায় দুই মাসব্যাপী অনলাইন ট্রেনিং কার্যক্রম পরিচালিত হবে। ১৯ জুন শুরু হওয়া আয়োজনটিতে তরুণদের চারটি গুরুত্বপূর্ণ স্কিল বৃদ্ধির কাজ করা হবে। স্কিল চারটি হলো—ডিজিটাল স্কিল, লিডারশিপ স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স ও নতুন কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার স্কিল।
ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ ক্যাম্পেইনটি সম্পর্কে এক আলোচনায় তরুণদের দক্ষতা অর্জনের নানা বিষয় নিয়ে তাঁর মতামত উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে তিনি তরুণদের দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা ও দক্ষ ব্যক্তিদের ভবিষ্যৎ সুযোগের কথা উল্লেখ করেন। তিনি ইএমকে সেন্টার ও স্কিলএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে ভবিষ্যতে তরুণদের দক্ষতা বৃদ্ধির আরও নানা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
স্কিল ডেভেলপমেন্টের ক্যাম্পেইনটি সম্পর্কে স্কিলএইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. মাসুদ বলেন, ‘বর্তমানে তরুণদের ভালো ক্যারিয়ার গড়তে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও নানা স্কিল অর্জন জরুরি। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা করতে হলে যেসব স্কিল অর্জন করা উচিত, তা গুরুত্ব অনুসারে বাছাই করে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা সবাইকে সম্পূর্ণ বিনা মূল্যে এ স্কিলগুলো অর্জনের সুযোগ করে দিতে চাই, যেন আর্থিকভাবে অসচ্ছল মানুষও স্কিলগুলো অর্জন করে নিজেদের সামনে এগিয়ে নিতে পারেন। ভবিষ্যতে বাংলাদেশকে একটি স্কিল-নির্ভর জাতিতে পরিণত করে দেশের সামগ্রিক অগ্রযাত্রায় নিজেদের সাধ্যমতো অবদান রাখতে চাই।’
আয়োজনটিতে বক্তা/প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা। বক্তা/প্রশিক্ষক হিসেবে থাকবেন (ক্রম জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়) বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. আতিউর রহমান, নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, সিন্দাবাদ ডটকমের সিইও জি এম. কামরুল হাসান, দ্য ডেইলি স্টারের চিফ স্ট্র্যাটেজি ও ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মো. তাজদিন হাসান, প্রথম আলোর ডিজিটাল বিজনেসের প্রধান এ বি এম জাবেদ সুলতান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন শান্তা তাওহিদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ইউএনডিপির যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ূম, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চিফ স্ট্র্যাটেজি অফিসার ও স্কুল অব বিজনেসের প্রধান এস এম আরিফুজ্জামান, অপ্টিমা এইচআর সল্যুশনসের প্রতিষ্ঠাতা এম. মোর্শেদ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরগানাইজেশনাল স্ট্র্যাটেজি ও লিডারশিপ বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদুর রহমান, সপআপের পরিচালক মো. রিয়াদ হোসেন।
আয়োজনটিতে মডারেটরের ভূমিকায় থাকবেন সামাজিক উদ্যোক্তা সুলতানা রাজিয়াসহ কয়েকজন। আয়োজনটি সমন্বয় করবেন ইএমকে সেন্টারের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আইশা সিদ্দিকা।
ফ্রি ট্রেনিংয়ে রেজিস্ট্রেশন করার লিংক পাওয়া যাবে স্কিলএইড বাংলাদেশ ও ইএমকে সেন্টারের ফেসবুক পেজে।