ওয়ার্ল্ড ইউনিভার্সিটির জব ফেয়ার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ডব্লিউবি জব ফেয়ার ২০২২ কাল বুধবার অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব  ক্যাম্পাস অ্যাভিনিউ ৬, লেকড্রাইভ রোড , উত্তরা সেক্টর ১৭ এইচ, ঢাকা ১২৩০ ঠিকানায় এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।

কাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আয়োজিত এই ফেয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। জব ফেয়ারটি বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত থাকবে।

এই জব ফেয়ারে বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ড, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, অগমেডিক্স বাংলাদেশ লিমিটেড, রকমারি ডট কম, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেড, ঢাকা রিসোর্ট, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিকা সিকিউরিটিজ লিমিটেড, ব্রাইট স্কিলস, সিমেক সিস্টেম লিমিটেড, গ্র্যাভিটি ইঞ্জিনিয়ারিং লিমিটেড, প্রথম আলোর চাকরিবিষয়ক ম্যাগাজিন চলতি ঘটনা, ওয়ান লিটল ওয়েব, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, টেক ট্যালেন্টস, লার্নিং বাংলাদেশ, ক্যালিব্রেশন প্রযুক্তি প্রাইভেট লিমিটেড, এনস্টার গ্রুপ, কাউন্সেলস ল’ পার্টনারস (সিএলপি) উপস্থিত থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডব্লিউবি জব ফেয়ার ২০২২–এর আহ্বায়ক সেলিম আহমেদ।

এই জব ফেয়ারে অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশী প্রার্থীরা নিয়োগকারীদের বুথে তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন এবং পরবর্তী সময়ে সেগুলো বাছাই করে ইন্টারভিউয়ের জন্য তাঁদের ডাকা হবে। যাঁরা ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী, তাঁরা ইন্টার্নশিপের জন্য সিভি জমা দিতে পারবেন। জব ফেয়ারে কোনো রেজিস্ট্রেশন বা এন্ট্রি ফি নেই।

জব ফেয়ারের পাশাপাশি বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত করপোরেট এক্সপার্টদের দিয়ে একটি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন হবে, যা সব গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত থাকবে। দিনব্যাপী এই জব ফেয়ারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক চাকরির বাজার সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন বলে আয়োজক কমিটি আশা করছে।