চলতি ঘটনার জুলাই সংখ্যা কাল থেকে বাজারে
প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় যাঁরা নিজেকে এগিয়ে রাখতে চান, তাঁদের জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ বাজারে এসেছে। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া এই মাসিক ম্যাগাজিনের জুলাই সংখ্যা আগামীকাল বুধবার থেকে সারা দেশে পাওয়া যাবে। পত্রিকার হকার বা নিকটস্থ লাইব্রেরিতে ‘চলতি ঘটনা’ পাওয়া যাবে। এবারের সংখ্যাটিতে বিশেষভাবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রতিটি জাতীয় বাজেট বছরের একটি আলোচিত ঘটনা হিসেবে বিশেষ গুরুত্ব পায়। এর বিস্তারিত তো বটেই, খুঁটিনাটি অনেক প্রশ্নও চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তাই এবারের চলতি ঘটনায় বাজেট নিয়ে থাকছে বিশেষ আয়োজন। নিয়োগ পরীক্ষাগুলো করোনা পরিস্থিতির কারণে আটকে আছে। তবে যেকোনো সময় এসব পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। সেটি মনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ টিপস ও মডেল টেস্ট দেওয়া হয়েছে। ব্যাংক নিয়োগ টিপস ও মডেল টেস্ট অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেওয়া হয়েছে। কেননা সামনে বেশ কয়েকটি পরীক্ষা হতে পারে।’
আব্দুল কাইয়ুম বলেন, বাংলাদেশের যত সফলতা আছে, সেগুলোর বড় একটি অংশ কৃষি ও শিল্পে। এসব খাতে বাংলাদেশের যত সাফল্য, তা এবারের সংখ্যায় থাকছে। চিকিৎসকদের বিশেষ বিসিএস হচ্ছে ৪২তম বিসিএস। মৌখিক পরীক্ষা চলছে এই বিসিএসের। এতে ভাইভায় কেমন প্রশ্ন আসে, ভালো উত্তর কী হতে পারে, সেসব অভিজ্ঞতার আলোকে লিখেছেন বিসিএসের একজন চিকিৎসক।
করোনা পরিস্থিতির উন্নতি হলেই ৪৩তম বিসিএস নেবে সরকারি কর্ম কমিশন। সে জন্য নিয়মিত আয়োজন হিসেবে বিসিএস প্রস্তুতি: বাংলা, ইংরেজি ও গণিত থাকছে।
সাম্প্রতিক সময়ে বিসিক প্রমোশন অফিসার ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা হয়েছে। এসবের সমাধান আমরা চলতি ঘটনায় গুরুত্ব দিয়ে ছেপেছি। আশা করি, যাঁরা সামনে নিয়োগ পরীক্ষা দেবেন এবং প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাজে লাগবে।
বারবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। তবে হতে পারে যেকোনো সময়। এই বিষয়ে আমরা বিশেষ আয়োজন রেখেছি। এ ছাড়া প্রিয় বই হিসেবে রয়েছে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। খেলা নিয়ে আয়োজন তো থাকছেই।
সব মিলিয়ে সংগ্রহে রাখার মতো এই সংখ্যা আপনাদের এগিয়ে রাখবে। মূল্য ২০ টাকা।