তৃতীয় গ্রেডে পদায়ন পেলেন ৯ চিকিৎসক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত নয়জন চিকিৎসককে তৃতীয় গ্রেডে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল রোববার এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশকৃত নিম্নোক্ত নয়জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫–এর তৃতীয় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে পরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদানপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে পদায়ন করা হলো। এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদায়ন পাওয়া চিকিৎসকেরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন, রাজধানীর জনস্বাস্থ্য পুষ্টি পরিষদের মহাপরিচালক মো. খলিলুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. বেলাল হোসেন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (শৃঙ্খলা) পার্থ সারথী দত্ত কানুনগো ও মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ।
এ ছাড়া পাবনা মানসিক হাসপাতালের পরিচালক আবুল বাশার মো. আছাদুজ্জামান, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) কে এম তারিক, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মো. আবুল কাসেম ও খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক মুন্সী মো. রেজা সেকেন্দারকে তৃতীয় গ্রেডে পদায়ন করা হয়েছে।