পিএসসির সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের দ্রুত নিয়োগের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বাসস

করোনা মোকাবিলায় বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের দ্রুত নিয়োগ দিতে সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভায় টিকা উৎপাদন ও প্রদানপ্রক্রিয়া সহজতর করতে সরকার-সরকার (জিটুজি) পদ্ধতি অনুসরণের সুপারিশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় টিকা প্রদানে বয়সসীমা আরও কমিয়ে আনারও সুপারিশ করা হয়। কমিটির সদস্য আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আবদুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর ও মো. আমিরুল আলম সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১, মেডিকেল কলেজ (গভর্নিং বডিস) (রিফিল) বিল, ২০২১, মেডিকেল ডিগ্রিজেস (রিফিল) বিল, ২০২১ এবং করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

ডাক্তার
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’-এর আরও পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যে কমিটির সদস্য আ ফ ম রুহুল হককে আহ্বায়ক করে একটি সাবকমিটি গঠন করা হয়। সাবকমিটির পর্যালোচনা শেষে বিলটি সংসদে উত্থাপনের জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মেডিকেল কলেজ (গভর্নিং বডিস) (রিফিল) বিল, ২০২১ এবং মেডিকেল ডিগ্রিজেস (রিফিল) বিল, ২০২১ প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

সভায় কোভিডে আক্রান্ত হয়ে শহীদ ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ দ্রুততম সময়ে তাঁদের পরিবারের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সঙ্গে সঙ্গে বাংলাদেশ কর্ম কমিশন থেকে সুপারিশপ্রাপ্ত ডাক্তারদের দ্রুত নিয়োগদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।