পিকেএসএফের নতুন ব্যবস্থাপনা পরিচালক নমিতা হালদার
সাবেক সচিব নমিতা হালদারকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ১১তম এমডি।
নমিতা হালদার বর্তমানে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরিয়াল ফেলো হিসেবে যুক্ত আছেন। বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে জন্মগ্রহণ করা নমিতা হালদার তাঁর দীর্ঘ ৩০ বছরের সরকারি দায়িত্ব পালনের সময় স্থানীয় প্রশাসন থেকে উচ্চতর স্তরে নীতিনির্ধারণ ও বাস্তবায়ন উভয় পর্যায়েই সুনাম অর্জন করেছেন।
২০১৪ সালে নমিতা হালদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে দৃঢ় ব্যবস্থা গ্রহণ করেন।
নমিতা হালদার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। নমিতা হালদার বাংলাদেশ মানবাধিকার কমিশনের একজন সম্মানিত সদস্য। ২০১৮ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
তিনি উৎকর্ষ সাধনের লক্ষ্যে এবং কাজের সাফল্য অর্জনে পেশাগতভাবে নিবেদিতপ্রাণ। তিনি সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করতে বিশেষভাবে আগ্রহী। বিজ্ঞপ্তি