প্রযুক্তি নিয়ে এক তরুণ উদ্যোক্তার এগিয়ে যাওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম জয়
ছবি: সংগৃহীত

বাণিজ্য অনুষদে পড়াশোনার পাশাপাশি প্রযুক্তির প্রতি টান ও ভালো লাগা কাজ করত এস এম জয়ের। শুরুটা সেই ২০১০ সালে। কলেজে পড়ার সময় থেকেই গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণের শুরু তাঁর। পরে ছাত্রজীবনের পুরো সময় তিনি ব্যয় করেছেন এ বিষয়ে শিখতে শিখতে। তাঁর বিশ্বাস ছিল, লেগে থাকলে নিজেকে এ বিষয়ে দক্ষ করে গড়ে তোলা সম্ভব।

এস এম জয় বলেন, ‘আমি এখনো মনে করি, কোনো কিছু শেখার জন্য বা কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য ছাত্রজীবনই সবচেয়ে উত্তম সময়।’

নিজেকে দক্ষ এবং ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার হিসেবে তৈরি করার চেষ্টায় বদ্ধপরিকর ছিলেন জয়। ১০ বছরের বেশি সময় ধরে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার পর এখনো নতুন নতুন অনেক কিছু শিখছেন তিনি। তাঁর প্রতিটি দিন শুরু হয় নতুন কিছু শেখার মধ্য দিয়ে। কারণ শেখার আগ্রহ যত বেশি থাকবে, তত বেশি নিজেকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।

তারপর ২০১৩ সালে সর্বপ্রথম Upwork–এর (আগে নাম ছিল oDesk) মাধ্যমে ফ্রিল্যান্সিং বা অনলাইন মার্কেটপ্লেসে নিজের নাম লেখান এস এম জয়। সেখান থেকেই মুক্ত পেশাজীবী হিসেবে নতুন যাত্রার সূচনা হয় তাঁর। বর্তমানে তিনি আমেরিকা এবং সুইজারল্যান্ডভিত্তিক দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন। নিজেকে প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হিসেবে প্রকাশ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এটা তাঁর কাছে অনেক গর্বের ব্যাপার। তাঁর বন্ধুরা চাকরির পেছনে ছুটলেও, তিনি নিজে কিছু করার চেষ্টা চালিয়ে গেছেন। তিনি বলেন, ‘এটা ভাবতেই অনেক বেশি ভালো লাগে যখন দেখি আমার দেখানো পথে অনেকেই হাঁটছেন এবং তাঁরা পরিবারের জন্য অনেক ভালো কিছু করতে পেরেছেন।’

এস এম জয় ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে গ্রাফিক ডিজাইনের ট্রেইনার হিসেবে প্রশিক্ষণও দেন। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণের সেশন করিয়েছেন। তাঁর প্রশিক্ষণ ক্লাসের অনেকেই বিভিন্ন মার্কেটপ্লেসে সফলতার সঙ্গে কাজ করছেন।

তবে এস এম জয়ের যাত্রার পথ এত সহজ ছিল না। নানা প্রতিবন্ধকতায়ও পড়তে হয়েছে তাঁকে। ২০১২ সালের দিকে তিনি Way to Technology (প্রযুক্তির পথে) নামে ফেসবুকে একটি সাপোর্ট গ্রুপ তৈরি করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বিষয়ে সহায়তা করেন তিনি। শিক্ষার্থীদের জন্য কিছু করার পরিকল্পনা থেকে ২০১৭ সালে শুরু করেন সম্পূর্ণ বিনা মূল্যে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিংবিষয়ক প্রশিক্ষণ দেওয়া। বর্তমানেও কোনো প্রকার কোর্স ফি না নিয়ে শুধু রেজিস্ট্রেশন ফির (১০০০ টাকা) মাধ্যমে চার মাসের কোর্স করাচ্ছেন। এস এম জয়ের বিশ্বাস, তাঁর এই উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে এবং বেকারত্ব দূর করতে কিছুটা হলেও সহায়তা করছে।

এস এম জয়
ছবি: সংগৃহীত

এস এম জয় ক্লাস নেন জুমে। প্রতিটি ক্লাসের শেষে থাকে ভিডিও ব্যাকআপ, তাই ক্লাস মিস হয়ে গেলেও শিক্ষার্থীরা সুবিধামতো সময়ে ক্লাসগুলো দেখে/করে ফেলতে পারেন। করোনাকালে মানুষ ঘরে বসেই ক্যারিয়ার তৈরি করতে পেরেছেন এবং অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছেন। মানুষকে আরও বেশি প্রযুক্তিনির্ভর করতে এবং শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য অনলাইন লার্নিং পদ্ধতিটা অনেক বড় ভূমিকা রাখতে পেরেছে বলে মনে করেন তিনি।

এস এম জয় বলেন, একসময় মানুষ অনলাইনে ক্লাস করে কিছু শেখার ব্যাপারটাকে অনেক কঠিন মনে করতেন। এখন একজন শিক্ষার্থী পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই সুবিধামতো সময়ে আমাদের অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। গ্রামের শিক্ষার্থীও শহরে না এসেও প্রশিক্ষকের মাধ্যমে নিজেকে তৈরি করতে পারছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা

এস এম জয় মনে করেন, সরকারি বা বেসরকারিভাবে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে তিনি বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। সেই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের অনেকাংশেই অনলাইনভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে পূরণ করা সম্ভব। বাংলাদেশের অধিকাংশ মানুষই এখন পর্যন্ত অনলাইন সুবিধা থেকে পিছিয়ে আছে। উন্নত বিশ্বে অনলাইনে অনেক আগে থেকেই ইউনিভার্সিটির ডিগ্রি পর্যন্ত পাওয়া যায়। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলেই বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে যাবে।

আর এটাই প্রযুক্তির পথের আরেকটি ভবিষৎ পরিকল্পনা। জয় বলেন, এ কাজে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তত বেশি বেকারত্বের হার কমতে থাকবে এবং উদ্যোক্তার পরিমাণও দিন দিন বৃদ্ধি পাবে। কারণ অস্ত্র নিয়ে যুদ্ধের দিন শেষ! এখন যদি যুদ্ধ হয়, তবে সেটা হবে প্রযুক্তি দিয়ে। আর যে দেশ প্রযুক্তিতে যত বেশি উন্নত, সেই দেশ তত বেশি নিরাপদ।