প্রাথমিকের নিয়োগ পরীক্ষার পর সহকারী শিক্ষকের পদ শূন্য থাকবে না: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
ছবি: প্রথম আলো

সারা দেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে নেওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের সব পদ পূর্ণ হবে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, তিন ধাপের প্রথম ধাপের পরীক্ষা কাল শুক্রবার ২২ জেলায় শুরু। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২০ মে ও ৩ জুন। তিন ধাপের পরীক্ষা শেষে উর্ত্তীণ প্রার্থীদের জুলাইয়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের ফলে সহকারী শিক্ষক পদে কোনো শূন্য পদ থাকবে না। তবে প্রধান শিক্ষকের কিছু পদ শূন্য থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘আগে প্রাথমিকের প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানো হতো। এ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে অনেক বেশি লোক সম্পৃক্ত হয়ে পড়ে। তাই এটি এড়ানোর জন্য এবার আমরা কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম বলেন, ২০১৯ সালের নিয়োগ বিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই নিয়োগ বিধি অনুয়ায়ী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৬০ শতাংশ নারী কোটা ও ২০ শতাংশ পোষ্য কোটা রাখা হয়েছে।

প্রাথমিকের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। সে হিসাবে ১টি পদের জন্য প্রতিযোগিতা হবে ২৯ প্রার্থীর মধ্যে।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বিভাগে, ২ লাখ ৪০ হাজার ৬১৯টি। এরপর রাজশাহীতে ২ লাখ ১০ হাজার ৪৩০, খুলনায় ১ লাখ ৭৮ হাজার ৮০৩, ময়মনসিংহে ১ লাখ ১২ হাজার ২৫৬, চট্টগ্রামে ১ লাখ ৯৯ হাজার ২৩৬, বরিশালে ১ লাখ ৯ হাজার ৩৪৪, সিলেটে ৬২ হাজার ৬০৭ এবং রংপুর বিভাগে ১ লাখ ৯৬ হাজার ১৬৬টি।

আরও পড়ুন