মিডওয়াইফ পদে স্থগিত ১৪ প্রার্থীকে কাগজপত্র জমার নির্দেশ পিএসসির
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘মিডওয়াইফ’ পদে (দশম গ্রেড) নিয়োগের জন্য স্থগিত হওয়া ১৪ প্রার্থীকে নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রার্থী নিজে কিংবা প্রতিনিধির মাধ্যমে কাগজপত্র জমা দিতে পারবেন। নির্ধারিত কাগজপত্র রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে জমা দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে নিয়োগ বাতিল হবে।
এর আগে এ পদের জন্য ১ হাজার ৪০১ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। কিন্তু বেশ কিছু ত্রুটি, কাগজপত্রে ঘাটতি ও কাগজপত্র জমা না হওয়ার কারণে তাঁদের মধ্যে ১৪ জনের নিয়োগ স্থগিত করা হয়। এবার তাঁদের নিয়োগপ্রক্রিয়া শেষ করার কথা জানাল পিএসসি।