৩৮তম বিসিএসে নন-ক্যাডারের ২২ জনের প্রার্থিতা বাতিল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
ফাইল ছবি

৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগে সুপারিশ পাওয়া ২২ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৮তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার ও নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (দশম ও ১১তম গ্রেড) পদে নিয়োগের জন্য গত ২৯ মার্চ মোট ৩৪৪ প্রার্থীকে সুপারিশ করা হয়।

সুপারিশ পাওয়া ৩৪৪ প্রার্থীর মধ্যে প্রেস বিজ্ঞপ্তির ৬ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র জমা না দেওয়ায় ২২  প্রার্থীর সংশ্লিষ্ট পদে সুপারিশসহ প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরগুলো দেখা যাবে এই লিংকে

৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদের স্বল্পতায় ৬ হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাঁদের মধ্য থেকে আবেদনের প্রেক্ষিতে প্রথম শ্রেণির নন-ক্যাডার ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যাঁরা ক্যাডার পান না, তাঁদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে। বিসিএসে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে (যাঁরা ক্যাডার পাননি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।