লটারিতে নির্ধারিত হবে কোন সেটে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী শুক্রবার। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সভা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি–সংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

সভাসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন, সম্প্রতি বিভিন্ন কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা করেছে পিএসসি। ওই সভার কার কী দায়িত্ব, তা বলে দিয়েছে পিএসসি পরীক্ষাসংক্রান্ত কমিটি। কেন্দ্রে কার দায়িত্ব কতটুকু হবে, সেটিও বলে দেওয়া হয়েছে। করোনায় যাতে পরীক্ষার্থীরা স্বাস্থ্যগতভাবে সচেতন থাকেন ও মাস্ক পরিধান করেন, সে বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে কী করা হবে, তা–ও সভায় আলোচনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘সব ধরনের সভা ও প্রস্তুতি শেষ। আমাদের সদস্যরা বিভিন্ন বিভাগে যাওয়া শুরু করেছেন। পরীক্ষার পরিস্থিতি দেখে তাঁরা আবার ফিরে আসবেন। পরীক্ষার দিনে সকাল সাড়ে নয়টায় পিএসসিতে লটারি হবে। সেখানেই নির্ধারিত হবে কোন সেটে পরীক্ষা হবে। আমরা সবকিছু প্রস্তুত রেখেছি।’

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।