৪৪তম বিসিএসের তিনটি মডেল টেস্ট নিয়ে চলতি ঘটনার মে সংখ্যা বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় যাঁরা নিজেকে এগিয়ে রাখতে চান, তাঁদের জন্য মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ বাজারে এসেছে। প্রথমা প্রকাশন থেকে বের হওয়া এই মাসিক ম্যাগাজিনের মে সংখ্যা আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে পাওয়া যাচ্ছে। দাম ২০ টাকা। এবারের সংখ্যাটিতে বিসিএসসহ বিশেষভাবে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হচ্ছে মে মাসের শেষ দিকে। সম্ভাব্য তারিখ ২৭ মে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে। তরুণদের প্রথম পছন্দের চাকরি হলো বিসিএস। এটি তীব্র প্রতিযোগিতামূলক। তাই প্রিলিমিনারিতে ভালো করতে চলতি ঘটনার মে সংখ্যায় বিসিএস বিশেষজ্ঞদের তৈরি তিনটি নতুন মডেল টেস্ট দেওয়া হয়েছে। সামনে আসছে ঈদের ছুটি। এই ছুটির মধ্যেও যেন বিসিএস প্রস্তুতি অব্যাহত থাকে, সে জন্য এই মডেল টেস্টগুলো অনুশীলন করতে পারেন।

সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই। এ জন্য এবারে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: ১০০টি প্রশ্নোত্তর দেওয়া হলো। ঈদের পর চাকরির পরীক্ষা গতি পাবে। এ জন্য থাকছে ব্যাংক, প্রাইমারি, বেসরকারি শিক্ষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি পরীক্ষার নিয়োগ টিপস।

এ ছাড়া ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষায় বিশেষ লেখা: মে দিবস, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ৫০ প্রশ্নোত্তর, ঘটনাপঞ্জি: মে ১৯৭১, পাকিস্তান: প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান—এ বিষয়গুলো আপনাকে এগিয়ে রাখবে।

সাম্প্রতিক ঘটনার মধ্যে রয়েছে দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎকেন্দ্র হচ্ছে কক্সবাজারে, ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের, এপিক মনোলগ: ‘আমি শেখ মুজিব’ ১০টির অধিক ভাষায় অনূদিত—এ বিষয়গুলো।

‘চলতি ঘটনা’র সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আন্তর্জাতিক আলোচিত বিষয় যেমন: রাশিয়ার ওপর কে, কত নিষেধাজ্ঞা দিয়েছে, মতামত: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, প্রথমবার বন্দী বিনিময় রাশিয়া ও ইউক্রেনের, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: যেসব অস্ত্রের ব্যবহার দেখা যাচ্ছে, যুদ্ধ থামানোর শর্ত হিসেবে রাশিয়া কী চাইছে? শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র—এ বিষয়ভিত্তিক লেখাগুলো পড়লে আপনি যে জানার দিক থেকে এগিয়ে থাকবেন, সেটি বলাই যায়। সব মিলে এবারের চলতি ঘটনা সংগ্রহে রাখার মতো একটি সংখ্যা।