চাকরির ইন্টারভিউয়ে দক্ষতার ঘাটতি পুষিয়ে দিতে পারে আপনার যে যোগ্যতা

ফাইল ছবি

চাকরির বাজারে প্রার্থীর দক্ষতা ও অভিজ্ঞতাই সাধারণত নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। তবে সাম্প্রতিক এক জরিপ বলছে, নিয়োগকর্তাদের বড় একটি অংশ প্রার্থীর ব্যক্তিত্ব ও প্রথম সাক্ষাতের আচরণকে দক্ষতা ও অভিজ্ঞতার চেয়ে বেশি গুরুত্ব দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরি ও নিয়োগ প্রতিষ্ঠান এক্সপ্রেস এমপ্লয়মেন্ট প্রফেশনালস গত মে মাসে এই জরিপ পরিচালনা করে। জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ নিয়োগকর্তা বলেছেন, একজন প্রার্থীর ব্যক্তিত্বের প্রাথমিক প্রকাশ নিয়োগের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

দক্ষতার ঘাটতি পুষিয়ে দিতে পারে ব্যক্তিত্ব

জরিপে অংশ নেওয়া ৮৬ শতাংশ নিয়োগ ব্যবস্থাপক বলেছেন, প্রার্থীর ইতিবাচক ব্যক্তিত্ব তাঁর দক্ষতা বা অভিজ্ঞতার কিছু ঘাটতি অনেক সময় পুষিয়ে দিতে পারে।

এমনকি ৮৭ শতাংশ নিয়োগ ব্যবস্থাপক বলেছেন, একজন চাকরিপ্রার্থী প্রথমবার যোগাযোগ করার পরই তাঁরা অনেকটা বুঝতে পারেন, ওই ব্যক্তি প্রতিষ্ঠানে সফল হবেন কি না। চাকরিপ্রার্থীদের মধ্যে ৬১ শতাংশও মনে করেন, নিয়োগপ্রক্রিয়ার শুরুতেই এমন একটি ধারণা তৈরি হয়।

এ কারণে প্রার্থীর সঙ্গে প্রথম যোগাযোগের সময় শুধু তাঁর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা কারিগরি দক্ষতাই দেখা হয় না; ছোটখাটো কথোপকথন, ই–মেইলের ভাষা ও ধরন, বিভিন্ন প্রশ্নের উত্তরে ইতিবাচক বা নেতিবাচক মনোভাব এবং প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে প্রার্থীর আচরণও বিবেচনায় নেওয়া হয়।

এক্সপ্রেস এমপ্লয়মেন্ট ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা বব ফাঙ্ক বলেন, একজন কর্মী শুধু তাঁর চাকরির দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না। সঠিক ব্যক্তিত্বের একজন কর্মী সহকর্মীদের মধ্যে আস্থা তৈরি করতে এবং দলগত কাজের মান উন্নত করতে পারেন।

প্রথম কয়েক মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক বিশ্লেষণেও চাকরির সাক্ষাৎকারে প্রথম ধারণার গুরুত্ব উঠে এসেছে। চাকরিপ্রার্থী কীভাবে কথা বলেন এবং নিজেকে কীভাবে উপস্থাপন করেন, তা অনেক সময় তাঁর দক্ষতা ও কাজের অভিজ্ঞতার মতো গুরুত্বপূর্ণ বিষয়কেও ছাপিয়ে যায়।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান ডি সুইশার বলেন, কারও সঙ্গে সাক্ষাতের প্রথম কয়েক মিনিটে যে ধারণা তৈরি হয়, এক মাস পরও ওই ব্যক্তিকে কীভাবে দেখা হবে, তার সঙ্গে সেই প্রথম ধারণার ঘনিষ্ঠ সম্পর্ক থাকে।

আরও পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তার সময়েও ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ

চাকরিপ্রার্থীদের সহায়তাকারী প্ল্যাটফর্ম কিকরিজুমের এক বিশ্লেষণে দেখা গেছে, তাদের কিছু সফল ব্যবহারকারী প্রচলিত চাকরির আবেদনের পদ্ধতির বাইরে গিয়ে জীবনবৃত্তান্তে নিজেদের ব্যক্তিত্বের ছাপ রেখেছেন।

কিকরিজুমের এইচআর বিশেষজ্ঞ মার্তা রিহোভা বলেন, ভালো জীবনবৃত্তান্তে এমন ভাষা থাকা দরকার, যা প্রার্থীকে একজন বাস্তব মানুষ হিসেবে তুলে ধরে।

অর্থাৎ চাকরি পাওয়ার ক্ষেত্রে শুধু কী জানেন, সেটিই যথেষ্ট নয়; বরং কীভাবে নিজেকে উপস্থাপন করেন, কীভাবে কথা বলেন এবং অন্যদের সঙ্গে কীভাবে আচরণ করেন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আরও পড়ুন