ছয় মাসের চাকরি খোঁজার অভিজ্ঞতায় যে ৬টি পরামর্শ দিলেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী
চাকরি হারানোর ছয় মাস পর নতুন কাজ পেয়েছেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ভারতের এক মার্কেট রিসার্চ অ্যানালিস্ট। দীর্ঘ এই সময়ে চাকরি খোঁজার অভিজ্ঞতা থেকে তিনি ছয়টি শিক্ষা তুলে ধরেছেন, যা বেকার অবস্থায় থাকা অন্য পেশাজীবীদের কাজে আসতে পারে।
ওই পেশাজীবীর প্রকৃত নাম প্রকাশ করা হয়নি। তিনি ‘Puzzleheaded_End_746’ ব্যবহারকারী নামে রেডিটের ‘IndianWorkplace’ ফোরামে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর পোস্টটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
চাকরি খোঁজার অভিজ্ঞতা থেকে ৬ পরামর্শ
১. পরিবারের অন্তত একজনকে চাকরি হারানোর কথা জানান
চাকরি হারানোর পর অনেকে বিব্রতবোধ করেন। এ কারণে পরিবারের সদস্যদের কাছেও বিষয়টি গোপন রাখেন। তবে ওই পেশাজীবীর পরামর্শ, অন্তত পরিবারের একজনকে নিজের পরিস্থিতির কথা জানানো উচিত।
তাঁর মতে, পরিবারের কেউ হয়তো সরাসরি চাকরি খুঁজে দিতে পারবেন না। তবে কঠিন সময়ে পাশে কেউ আছেন, এমন অনুভূতি একাকিত্ব কমাতে সাহায্য করে।
২. নেটওয়ার্কিংয়ে গুরুত্ব দিন
চাকরির ওয়েবসাইটে আবেদন করাকে অনেকেই চাকরি পাওয়ার প্রধান উপায় মনে করেন। তবে ওই পেশাজীবীর অভিজ্ঞতা বলছে, অনলাইনে আবেদন করলেও অনেক সময় সেগুলো নিয়োগদাতার নজরে আসে না।
তাঁর মতে, পরিচিত ব্যক্তিদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা বেশি কার্যকর হতে পারে।
৩. অনলাইনে কাজ বা ছোট প্রকল্পে যুক্ত থাকুন
চাকরি খোঁজার সময় তিনি অনলাইনে ফ্রিল্যান্স কাজ ও ছোট প্রকল্পে যুক্ত হয়েছিলেন। তাঁর মতে, বেকার অবস্থায় প্রতিদিন চাকরির আবেদন, ই-মেইল পরীক্ষা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির খোঁজ করতে করতে দিন কেটে যেতে পারে। এর বাইরে অন্য কোনো কাজে যুক্ত থাকলে নিজের অগ্রগতির অনুভূতি বজায় থাকে।
৪. চাকরির আবেদনে এআই ব্যবহার করুন
চাকরির আবেদন তৈরি ও জীবনবৃত্তান্ত হালনাগাদ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে এআইয়ের তৈরি লেখা সরাসরি কপি করে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন।
৫. বেতন কমানোর প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকুন
চাকরি খোঁজার সময় বেতন নিয়ে দর-কষাকষি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দীর্ঘদিন বেকার থাকার কারণে চাকরিপ্রার্থীরা অনেক সময় কম বেতনের প্রস্তাব গ্রহণ করতে বাধ্য বোধ করেন।
তাঁর ব্যক্তিগত পরামর্শ, পরিস্থিতি অনুকূলে থাকলে বেতন কমানোর পরিমাণ ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করা যেতে পারে।
৬. চাকরি খোঁজাকে নিয়মিত কাজের মতো বিবেচনা করুন
চাকরি খোঁজার জন্য নির্দিষ্ট সময় ও পরিকল্পনা রাখা জরুরি বলে মনে করেন ওই পেশাজীবী। তাঁর মতে, প্রত্যাখ্যান থেকে শিক্ষা নিয়ে নিয়মিত আবেদন চালিয়ে যেতে হবে। তাৎক্ষণিক ফল না পেলেও চেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।