আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ বা বহুনির্বাচনী পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় প্রার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা জজকোর্টের আইনজীবী রিয়াজুর রহমান।
যেহেতু বহুনির্বাচনী পরীক্ষা শুক্রবারে অনুষ্ঠিত হবে, তাই হাতে সময় নেই বললেই চলে। তবে ‘সময় একদমই নেই’ বলেও হাত–পা গুটিয়ে বসে থাকা যাবে না। শেষ সময়ের কিছু কৌশলী প্রস্তুতি আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারে। আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার তিন ধাপের মধ্যে বহুনির্বাচনী পরীক্ষা ১০০ নম্বরের হয়, প্রশ্ন থাকে ৭টি বিষয়ে। ৫০ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ হিসেবে ধরা হয়। অর্থাৎ, ১০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষায় ৫০ নম্বর পেলেই আপনি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় বসতে পারবেন।
দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি
শেষ সময়ে প্রতিটি আইন বিস্তারিত পড়ার সুযোগ নেই। অতি গুরুত্বপূর্ণ ধারা, ধারার শিরোনাম, সংশ্লিষ্ট ধারার–উপধারা, ব্যাখ্যা ও উদাহরণগুলো পড়তে হবে। সাধারণত এমসিকিউ পরীক্ষায় ধারাভিত্তিক প্রশ্নের পাশাপাশি সমস্যামূলক প্রশ্নও আসে। বিশেষ করে দেওয়ানি কার্যবিধি আইন ১৯০৮ ও ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ থেকে সমস্যামূলক প্রশ্ন বেশি থাকে। সঙ্গে ধারাভিত্তিক সরাসরি প্রশ্ন তো আছেই। দেওয়ানি কার্যবিধি আইনের সংজ্ঞা, দেওয়ানি আদালতসমূহ, আদালতের এখতিয়ার, রেস-সাবজুডিস, রেস-জুডিকাটা, মামলা দায়েরের স্থান, আঞ্চলিক এখতিয়ার, মামলা স্থানান্তরের ক্ষমতা, মামলার পক্ষ, প্লিডার নিয়োগ, মামলা দায়ের ও সমন, প্লিডিংস, আরজি ও লিখিত জবাব, পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল, আবিষ্কার বা উদ্ঘাটন, স্বীকারোক্তি, বিচার্য বিষয় গঠন, রায় ও ডিক্রি, অস্থায়ী নিষেধাজ্ঞা, রায়ের পূর্বে আটক ও ক্রোক, রিসিভার নিয়োগ, আপিল, রেফারেন্স, রিভিউ, রিভিশনের টপিকসহ ধারা ৯, ১০, ১১, ১৫-২১, ২৭, ৩১, ৩৩, ৩৫, ৮৯কগ, ৯৬, ১০৪, ১১৫, ১৫১ ভালো করে পড়তে হবে। প্রতিটি আদেশের শিরোনাম, আদেশের বিধি ও গুরুত্বপূর্ণ ধারা না পড়ে পরীক্ষার হলে প্রবেশ করা বোকামি হবে।
ফৌজদারি কার্যবিধি থেকে অবশ্যই সংজ্ঞাগুলো পড়তে হবে। ফৌজদারি আদালত, আটক, গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধ দমন, ধারা ১৪৪-১৪৬, এফআইআর, আমলযোগ্য মামলা, আমল–অযোগ্য মামলা অর্থাৎ ধারা ১৫৪-১৭৬, ফৌজদারি মামলা আমলে নেওয়ার পদ্ধতি, অভিযোগ বা চার্জ গঠন (ধারা ২২১-২৪০), ফৌজদারি মামলার বিচার (ধারা ২৪১-২৪৫ ও ২৬৫এ-২৬৫এল), আপিল, রিভিশনের ক্ষমতা, জামিন, ফৌজদারি মামলা স্থানান্তর ও ধারা ৫৬১ক বিষয়গুলো ভালো করে পড়তে হবে।
দণ্ডবিধি ও সাক্ষ্য আইন
আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ আইন দণ্ডবিধি ১৮৬০। এ আইন থেকেও প্রশ্ন আসে ২০ নম্বরের। দণ্ডবিধি থেকে সংজ্ঞা, সাধারণ ব্যাখ্যা, যৌথ দায়, শাস্তিসমূহ, সাধারণ ব্যতিক্রমসমূহ, অপরাধের সহায়তা, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি সমাবেশ, মিথ্যা সাক্ষ্যদান, মানবদেহবিষয়ক অপরাধ (অপরাধমূলক নরহত্যা ও খুন), আঘাতসম্পর্কিত অপরাধ, অবৈধ বাধা ও আটক, অপহরণ, ধর্ষণ, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ও তছরুপ করা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্ষতিসাধন, মানহানি, জালিয়াতি ও ব্যভিচারসংক্রান্ত ধারাগুলো শেষ সময়ে পড়তে পারেন। এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে।
সাক্ষ্য আইন ১৮৭২–এ থাকে ১৫ নম্বর। ওপরের তিনটি আইনের চেয়ে সাক্ষ্য আইন অনেক ছোট। সময় নষ্ট না করে আইনের সংজ্ঞা, অনুমান, ঘটনার প্রাসঙ্গিকতা, স্বীকৃতি, দোষ স্বীকারোক্তি, যেসব ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না, তাঁদের বিবৃতি, বিশারদদের অভিমত, যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, সত্যায়িত দলিলের প্রমাণ, প্রমাণের দায়িত্ব, সাক্ষীসমূহ, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, ইঙ্গিতবাহী প্রশ্ন, বৈরী সাক্ষীর সংশ্লিষ্ট ধারা, ব্যাখ্যা ও উদাহরণগুলো ভালো করে পড়তে হবে।
তামাদি ও সুনির্দিষ্ট প্রতিকার আইন
তামাদি আইন ১৯০৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এবং বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ থেকে থাকবে ২৫ নম্বর। এসব আইন অপেক্ষাকৃত বেশ সহজ। এর ফলে এসব বিষয় থেকে পুরো নম্বর পাওয়া সম্ভব।
তামাদি আইন ১৯০৮ থেকে ধারা—৫, ৬, ৭, ৮, ৯, ১২, ১৪, ১৯, ২৬, ২৮, ২৯; অনুচ্ছেদ-৯১, ৯২, ১০৩, ১১৩, ১১৪, ১২০, ১৪২, ১৫০, ১৫৭, ১৬৯, ১৮২ শেষবারের মতো চোখ বুলিয়ে যেতে হবে। তামাদি আইনের এ ধারা ও অনুচ্ছেদগুলোর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম।
সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ থেকে ধারা—৫, ৭, ৮, ৯, ১২, ১৯, ২১, ২১ক, ২২, ২৩, ২৭, ২৮, ৩১, ৩৫, ৩৯, ৪২, ৪৪, ৫২, ৫৪, ৫৫, ৫৬, ৫৭ পড়লেই হবে। অপর দিকে বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২–এর জন্য আগের কয়েকটি বছরের প্রশ্ন সমাধান করলে পরীক্ষায় ভালো করা সম্ভব।
শেষ সময়ে নিজেকে প্রস্তুত করতে হবে, যতটা সম্ভব চাপমুক্ত থাকতে হবে। পরীক্ষা যেহেতু শুক্রবার সকালে, তাই বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত জেগে থাকা যাবে না। দ্রুত ঘুমিয়ে পড়তে হবে। ঘুমানোর আগে পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, আসনবিন্যাশ, পরীক্ষাকেন্দ্রের ঠিকানা, কীভাবে পরীক্ষাকেন্দ্রে যাবেন, সে বিষয়ে পরিকল্পনা ও একাধিক কলম গুছিয়ে রাখবেন। যেন সকালে ঘুম থেকে উঠে এগুলো সঙ্গে নিতে না ভোলেন। সম্ভব হলে কয়েকটি ওএমআর সিট ইন্টারনেট থেকে সংগ্রহ করে বৃত্ত ভরাট অনুশীলন করতে পারেন। এতে পরীক্ষার হলে আপনার বেশ সুবিধা হবে।
বিশেষভাবে লক্ষ্যণীয়
পরীক্ষার সময় ৬০ মিনিট। প্রশ্ন থাকবে ১০০টি। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর। আর ভুল উত্তরের জন্য কাটা যাবে .২৫ নম্বর। তাই বৃত্ত ভরাট করার সময় সতর্ক থাকতে হবে। প্রথম ৪০ মিনিট যেসব প্রশ্নের উত্তর আপনি শতভাগ নিশ্চিত, সেগুলোই পূরণ করবেন। শুরুর দিকে বড় প্রশ্ন বা সমস্যামূলক প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো। চেষ্টা করবেন ৪০ মিনিটের মধ্যে পাস মার্ক ৫০ নিশ্চিত করতে। কারণ, শেষ ২০ মিনিট চোখের পলকে শেষ হয়ে যাবে। তখন তাড়াহুড়ার মধ্যে অনেক জানা প্রশ্নও সঠিকভাবে উত্তর করতে পারবেন না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে উত্তর দিলে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়।