আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা
বার কাউন্সিল আদেশ ও বিধিমালার প্রস্তুতিতে করণীয়
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য লিখিত পরীক্ষা প্রস্তুতির পরামর্শ প্রকাশ করা হচ্ছে। আজ শেষ পর্বে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ বিষয়ে পরামর্শ দিয়েছেন ঢাকা জজকোর্টের আইনজীবী রিয়াজুর রহমান।
আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার্থীরা মনে হয় সবচেয়ে কম সময় দেন বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ বিষয়ে প্রস্তুতির জন্য। পরীক্ষায় কম নম্বরের প্রশ্ন আসা ও অপেক্ষাকৃত সহজ বিষয় হওয়ায় পরীক্ষার্থীরা কম গুরুত্ব দেন। তবে গত বছর থেকে প্রশ্নের ধরনে বেশ পরিবর্তন এসেছে। ফলে সহজ বিষয় থেকেও কঠিন প্রশ্ন হতে পারে। তাই প্রস্তুতিতে এখানে কম সময় দেওয়া ঠিক হবে না।
বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা ১৯৭২ মূলত আইনজীবীদের পেশাজীবনের অনুসরণীয় বিধিমালা। এ আইন থেকে পরীক্ষায় দুটি প্রশ্ন আসবে। উত্তর দিতে হবে একটি। নম্বর থাকবে ১০।
ট্রাইব্যুনাল অংশ থেকে যা পড়বেন
এই বিষয় থেকে অন্যসব আইনের মতো ধারা বা অনুচ্ছেদ ধরে ধরে পড়ার চেয়ে বিষয়ভিত্তিক পড়তে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের ধারাগুলো মনে রাখতে হবে। যেমন বার কাউন্সিলের গঠন, কার্যাবলি পড়তে হবে। এগুলোতে বলা আছে ৫, ৬, ১১, ১১বি ও ১০ অনুচ্ছেদে। তবে এই আইন থেকে মাঝেমধ্যেই একটি প্রশ্ন আসে, বার কাউন্সিল এবং বার সমিতির মধ্যে পার্থক্য কী?
বার ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলি, আইনজীবীদের পেশাগত অসদাচরণের জন্য কী কী ধরনের শাস্তি রয়েছে, বার কাউন্সিল কি আইনজীবীদের বিরুদ্ধে সুয়োমোটো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে—বিষয়গুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। অনুচ্ছেদ ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩২ এবং বিধি ৪১, ৪১ক ও ৫০ এই বিষয়ে বিস্তারিত বলা আছে। সেগুলো ভালো করে পড়তে হবে।
পেশাগত বিধি অংশে যা পড়তে হবে
এই অংশ থেকে প্রশ্ন আসলে রচনামূলক প্রশ্ন আসবে। যেমন পেশাগত বিধি এবং নীতিমালার আলোকে আদালতের প্রতি, মক্কেলের প্রতি, আইনজীবীদের প্রতি ও জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করুন। এমন প্রশ্নের উত্তরে প্রফেশনাল কনডাক্ট অ্যান্ড এটিকিউটের অধীন যে চারটি অধ্যায় রয়েছে, তা সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হবে। এ ছাড়া এই অংশ থেকে সমস্যামূলক প্রশ্ন অনুশীলন করতে হবে। অনেক সময় পরীক্ষায় কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ করার মুসাবিদা করতে বলে। তাই বার কাউন্সিলে অভিযোগ দায়েরের একটি মুসাবিদা ফরমেট দেখে নেবেন।