প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় সফল হতে করণীয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার নতুন নম্বর বণ্টনের শিক্ষাগত যোগ্যতায় ১০ নম্বর রাখা হয়েছে। এর মধ্যে এসএসসি ও সমমানের ফলাফলের ক্ষেত্রে ৪ নম্বর, এইচএসসি ও সমমানে ৪ নম্বর এবং স্নাতক ও সমমানের ফলাফলের ক্ষেত্রে ২ নম্বর।
এ ছাড়া ব্যক্তিত্ব, প্রকাশক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। ভাইভা বোর্ডে প্রার্থীর এসব যোগ্যতা যাচাই করা হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তাই মৌখিক পরীক্ষায় কোন বিষয়ে জিজ্ঞেস করা হবে, তা বলা কঠিন। তবে কিছু বিষয় অনুশীলন করলে মৌখিক পরীক্ষায় সফল হওয়ার আত্মবিশ্বাস আসে।
মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়
নিজের নামের অর্থ, আপনার নামের সঙ্গে বিখ্যাত ব্যক্তির নাম থাকলে তাঁদের সম্পর্কে জেনে নিন। নিজের জেলার নাম ও নামকরণের ইতিহাস জেনে রাখুন। আপনার জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ও মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকা কত নম্বর সেক্টরে ছিল, তা জানতে হবে। নিজের জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের নাম জেনে ভাইভা বোর্ডে যাবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভালোভাবে জানতে হবে। বঙ্গবন্ধু রচিত তিনটি বই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন কয়েকবার পড়তে হবে। এই বইগুলো থেকে বারবার প্রশ্ন আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের সফলতা ও অর্জনগুলো বিস্তারিত জেনে যাবেন। বিশেষ করে পদ্মা সেতু সম্পর্কে প্রচুর পড়তে হবে। জুন মাসেই এই সেতু উদ্বোধন করা হবে। বর্তমান সরকারের ভিশন-২০৪১, ডেলটা প্ল্যান-২১০০, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মুজিব বর্ষ, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, এসডিজি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এসব বিষয় খাতায় লিখে বারবার অনুশীলন করতে হবে। মৌখিক পরীক্ষার প্রস্তুতির সহায়ক হিসেবে প্রথমা প্রকাশনের চাকরির পরীক্ষার প্রস্তুতিবিষয়ক মাসিক পত্রিকা ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ পড়তে পারেন।
মৌখিক পরীক্ষার দিন জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, ইংরেজি, বাংলা ও আরবি মাসের তারিখ জানতে হবে। যেমন, আমাকে মৌখিক পরীক্ষার দিন প্রশ্ন করা হয়েছিল—আজ শ্রাবণ মাসের কত তারিখ? আজকের দিনের তাৎপর্য কী? প্রাথমিক শিক্ষা সম্পর্কিত কিছু তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জেনে যাবেন। যেমন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে কার্যকর করা হয়েছিল? বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার কত? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রীর নাম কী? বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নাম ও প্রাথমিক শিক্ষার মৌলিক বিষয়গুলো পরীক্ষার আগে জানতে হবে।
ইংরেজিতে ছোট ছোট অনুবাদ অনুশীলন করতে পারেন। যেমন, পতাকাটি পতপত করে উড়ছে, মেয়েটি হাসতে হাসতে এল, আমি পাখিটি দেখছি, আমাকে যেতে দিন—এসব বাক্যের ইংরেজি অনুবাদ। কিছু ইংরেজির পূর্ণরূপ জেনে যাবেন। যেমন, এমওপিএমই, ডিপিই, পিটিআই, নেপ, এনসিটিবি, ব্যানবেইজ, ডিপিএড ইত্যাদি। বাংলা সাহিত্যের বিখ্যাত কয়েকজন লেখক ও কবি সম্পর্কে ধারণা নিতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ, মুনীর চৌধুরী, হুমায়ূন আহমেদ, সৈয়দ শামসুল হক ও শামসুর রাহমানের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম জেনে যাবেন। তাঁদের নামের বাংলা বানানও জিজ্ঞেস করতে পারে।
ইংরেজির দক্ষতা জানার জন্য ভাইভা বোর্ডে ইংরেজিতে প্রশ্ন করতে পারে। যেমন, ইংরেজিতে নিজের সম্পর্কে বলুন। শিক্ষকতা পেশা সম্পর্কে কয়েকটি লাইন বলুন। আপনি যে বিষয়ে দক্ষ, তার ওপর প্রশ্ন করা হতে পারে। সংবিধান সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। যেমন, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা আছে? বিভিন্ন ধরনের দিবস পালনের তারিখ জানতে হবে। যেমন, বিশ্ব শিক্ষক দিবস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, বিশ্ব অটিজম সচেতনতা দিবস, বাংলাদেশ স্কাউট দিবস, জাতীয় বিমা দিবস, জাতীয় শিশু দিবস ও আন্তর্জাতিক নারী দিবস।
ভাইভা বোর্ডে করণীয় ও বর্জনীয়
অনুমতি নিয়ে ভাইভা বোর্ডের কক্ষে প্রবেশ করবেন। খেয়াল রাখবেন, দরজা খোলার সময় আওয়াজ যেন না হয়। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কলম, প্রবেশপত্র, সব শিক্ষাগত সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সনদ হাতের কাছাকাছি রাখবেন। মৌখিক পরীক্ষা চলাকালে চেয়ার যদি টেবিলের খুব কাছাকাছি থাকে, তাহলে দুই হাত দিয়ে আলতো করে ধরে একটু পিছিয়ে নিয়ে চেয়ারে বসবেন। সে সময় লক্ষ রাখবেন, কোনো শব্দ যেন না হয়।
মৌখিক পরীক্ষা চলাকালে চেয়ারের হাতায় বা টেবিলের ওপর নিজের হাত রাখবেন না; দৃষ্টিকটু দেখা যায়। হাত কোলের ওপর রাখুন। কুঁজো হয়ে বসবেন না, আবার মেরুদণ্ড সোজা টান টান করে হাস্যকরভাবেও বসবেন না। মুদ্রাদোষ পরিহার করবেন। সব প্রশ্নের উত্তর না জানা থাকতে পারে। তাই বলে বেশি আত্মবিশ্বাসী হয়ে আন্দাজে উত্তর দেবেন না। হাতের অঙ্গভঙ্গি সঠিকভাবে প্রদর্শন করবেন। ভাইভা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে, মৌখিক পরীক্ষার জন্য কোনো গাইড বই পড়েছেন কি না। সে সময় গাইড বইয়ের নাম না বলাই শ্রেয়।
বিশ্বজিৎ সুর
সহকারী শিক্ষক, গোয়াল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা