বন অধিদপ্তরের এক পদে দরকার ৪০ জন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে ৪০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিগ্রি থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না
খাগড়াছড়ি, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স ৩০ বছর হলেও আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন
চাকরির আবেদন ফরম বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এ ছাড়া বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার সংস্থাপন ইউনিট থেকে অফিস চলাকালে সংগ্রহ করা যাবে। চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় অফিস চলাকালে ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় রাখা বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফরম গ্রহণ করা হবে না।
চাকরির আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা দুই কপি ছবি সংযুক্ত করতে হবে। নির্ধারিত আবেদন ফরমে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে নিজ হাতে মোটা কালিতে বলপেনে স্বাক্ষর করতে হবে।
বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯–এর তফসিল ২ অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদের তাঁদের পত্র যোগাযোগের ঠিকানায়/বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দেখাতে হবে, সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতা–সম্পর্কিত সব প্রকার মূল/সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নাগরিকত্ব সনদ।
আবেদন ফি
প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকার অনুকূলে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ মার্চ ২০২৩।