পিএসসির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী: এক বছরে একটি বিসিএস শেষ করার প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ প্রধান অতিথির বক্তৃতা রাখছেনছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে এই লক্ষ্য অর্জনে পুলিশ ভেরিফিকেশনে দীর্ঘসূত্রতা এবং প্রশাসনিক ও আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কমিশন চত্বরে মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পিএসসি সচিবালয়ের মাল্টিপারপাস হলে কমিশনের সাম্প্রতিক অর্জন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল জবিউল্লাহ বলেন, একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। নিয়োগপ্রক্রিয়াকে আরও আধুনিক করার মাধ্যমে মেধাবী তরুণদের দ্রুত রাষ্ট্রীয় সেবায় সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমান সরকার পূর্ববর্তী তিনটি কমিশন গঠনের প্রস্তাব গ্রহণ না করে একটি পাবলিক সার্ভিস কমিশনই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান কমিশনের মেয়াদে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন সচিব এহছানুল হক পিএসসির বর্তমান পদক্ষেপগুলোর প্রশংসা করেন। তিনি প্রশাসন ক্যাডারের পাশাপাশি টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারেও যেন মেধাবীরা অধিক সংখ্যায় যোগ দিতে পারে, সে ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পিএসসির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা
ছবি: বিজ্ঞপ্তি

সভাপতির বক্তব্যে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, পিএসসি এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ নিয়ে কাজ করছে। তবে এটি বাস্তবায়নে কমিশনের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা প্রয়োজন। চেয়ারম্যান বলেন, পিএসসির কাজের সঙ্গে অর্থের সরাসরি সম্পর্ক থাকায় দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আর্থিক স্বাধীনতা জরুরি।

নিয়োগপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বর্তমানে বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের কাজটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় বিসিএসের চূড়ান্ত নিয়োগে স্থবিরতা তৈরি হচ্ছে। মোবাশ্বের মোনেম বলেন, এক বছরের মধ্যে বিসিএসের সুফল পেতে হলে ভেরিফিকেশনের সময় কমিয়ে আনা অপরিহার্য। তিনি এই প্রক্রিয়ার গতি বাড়াতে এবং কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিকীকরণে সরকারের সহযোগিতা কামনা করেন।

পিএসসি সচিবালয়ের সচিব সানোয়ার জাহান ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে কমিশনের সদস্যসহ সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন