বিডিজবসের ইন্টার্ন ফেয়ারে তরুণদের চাকরির অভিজ্ঞতার সুযোগ

চাকরি মেলায় ‘টেস্ট ইন্টারভিউ সেশন’ চলছেছবি: বিডি জবসের সৌজন্য

চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকমের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইন্টার্ন জব ফেয়ার’। আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই চাকরি মেলায় অংশ নেন সদ্য গ্র্যাজুয়েট প্রার্থীরা।

আয়োজকদের সূত্রে জানা গেছে, মেলায় মোট ৬৫টি নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং ১৩টি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আইটি, ব্যাংকিং, শিক্ষাসহ নানা খাতের এসব প্রতিষ্ঠানে মোট ২ হাজার ৫০০ জন ইন্টার্ন নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

সকাল ১০টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, ‘আমাদের জব মার্কেটে অভিজ্ঞতাহীন একজন সদ্য গ্র্যাজুয়েটের জন্য প্রথম চাকরিটি পাওয়া বেশ কষ্টসাধ্য। এখন অনেক প্রতিষ্ঠান এ ধরনের গ্র্যাজুয়েটদের জন্য পেইড ইন্টার্নশিপ অফার করছে। শিক্ষার্থীরা বসে না থেকে এ ধরনের ইন্টার্ন হিসেবে কাজ করলে তাঁর অভিজ্ঞতা হয় এবং অনেক ক্ষেত্রে কোম্পানি তাঁদেরকে রেগুলার এমপ্লয়ি করে নেয়।’

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পড়াশোনা শেষ করে বন্ধুদের সঙ্গে মেলায় আসেন ফজলে রাব্বি। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই প্রথম কোনো চাকরি মেলায় এসেছি। এখনো সিভি জমা দিইনি কোথাও। সবগুলো স্টল আগে দেখব। এরপর আবেদন করব।’

ইন্টার্ন জব ফেয়ার–এ অংশ নেন সদ্য গ্র্যাজুয়েট প্রার্থীরা। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ফার্মগেট, ঢাকা, ২২ জুলাই ২০২৬
ছবি: ফাইজার মো. শাওলীন

টেস্ট ইন্টারভিউ সেশন

আয়োজনের অন্যতম মূল আকর্ষণ ছিল দিনব্যাপী পরিচালিত ‘টেস্ট ইন্টারভিউ সেশন’। সদ্য পড়াশোনা শেষ করা তরুণদের সাক্ষাৎকার–সম্পর্কিত ভীতি দূর করা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এই সেশন পরিচালনা করেন বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

প্রায় ৫০০ প্রার্থী এই টেস্ট ইন্টারভিউ সেশনে অংশ নেওয়ার সুযোগ পান। মেলায় অংশ নেওয়া ইডেন কলেজের শিক্ষার্থী মোবাশ্বিরা জাহান বলেন, ‘চাকরির ইন্টারভিউ নিয়ে আমার মধ্যে অনেক ভীতি আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তারা আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এই অভিজ্ঞতা সত্যিকার ইন্টারভিউতে কাজে লাগবে।’

আরও পড়ুন