পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

ছবি: পিএসসির সৌজন্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগ পাওয়া চার সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁদের শপথবাক্য পাঠ করান।

পিএসসির নতুন সদস্যরা হলেন ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম ও ইয়াসমিন গফুর। তাঁদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার পর এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, কমিশনের সদস্যরা, পিএসসি সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নতুন এই চার সদস্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে পিএসসিতে চেয়ারম্যানসহ মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১।

বিদ্যমান এই কমিশন ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করে। ২০২৪ সালের অক্টোবরে তৎকালীন কমিশন পদত্যাগ করার পর ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীকালে ওই বছরের ১৫ অক্টোবর চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে পিএসসির দায়িত্বভার গ্রহণ করেন।

আরও পড়ুন
আরও পড়ুন