আলোর পাঠশালার শিক্ষক হতে চান?
বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে বহুদিন শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট বর্তমানে সারা দেশে ‘আলোর পাঠশালা’ নামে ৬টি স্কুল পরিচালনা করছে। এসব স্কুলে মোট ১৩ জন সহকারী শিক্ষক নেওয়া হবে।
প্রথম আলো চর আলোর পাঠশালায় (ঘোগাদহ, কুড়িগ্রাম, সদর কুড়িগ্রাম) প্রাক্প্রাথমিক ও বিজ্ঞানে একজন করে মোট দুজন সহকারী শিক্ষক নেওয়া হবে। বাবুডাইং আলোর পাঠশালায় (বাবুডাইং, গোদাগাড়ি, রাজশাহী) ইংরেজিতে দুজন ও বিজ্ঞানে দুজন, রাজশাহী আলোর পাঠশালায় (তালাইমারি, রাজশাহী) একজন বিজ্ঞানের শিক্ষক, মদনপুর আলোর পাঠশালায় (মাঝের চর, দৌলতখান, ভোলা) ইংরেজিতে একজন, গণিতে একজন ও বিজ্ঞানে একজন, গুড়িহারি কামদেবপুর আলোর পাঠশালায় (নিয়ামতপুর, নওগাঁ) ইংরেজিতে একজন ও বিজ্ঞানে একজন এবং দমদমিয়া আলোর পাঠশালায় (হ্নীলা, টেকনাফ, কক্সবাজার) প্রাক্প্রাথমিকে একজন সহকারী শিক্ষক নেওয়া হবে।
টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বাদে বাকি স্কুলগুলোতে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। দমদমিয়া আলোর পাঠশালায় শুধু প্রাথমিক পর্যন্ত ক্লাস হয়।
সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানে পারদর্শী হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ, বিএড ডিগ্রি কিংবা অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান ফলাফল গ্রহণযোগ্য নয়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সব শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বরাবর সরাসরি/ডাকযোগে আগামী ২ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় গুগল ফরমের এই লিংকে প্রবেশ করে প্রার্থীদের প্রাথমিক কিছু তথ্য পূরণ করতে হবে। এই নিয়োগসংক্রান্ত আরও তথ্য জানতে এ মেইলে ([email protected]) যোগাযোগ করা যাবে।